দুদকের অভিযানে আরও চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার ঢাকা, মাগুরা ও নেত্রকোনা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে।

যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন কৃষি ব্যাংকের মাগুরার শাখার সাবেক মুখ্য কর্মকর্তা খন্দকার সাজেদুল আলম, ব্যাংকটির কর্মকর্তা (ক্যাশ) আসমত আলী বিশ্বাস, হাজি আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের আইটি বিভাগের সাবেক প্রধান ও অথরাইজড রিপ্রেজেনটেটিভ অমিত হালদার এবং নেত্রকোনার মো. হজরত আলী ফকির।

দুদক সূত্র জানায়, বাংলাদেশ কৃষি ব্যাংকের আলমখালি শাখায় ভুয়া শস্যঋণ প্রকল্প দেখিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের সেপ্টেম্বরে মামলা করে সংস্থাটি। ওই মামলার এজাহারভুক্ত আসামি ব্যাংকটির মাগুরা শাখার সাবেক মুখ্য কর্মকর্তা খন্দকার সাজেদুল আলম ও কর্মকর্তা (ক্যাশ) আসমত আলী বিশ্বাসকে আজ মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ লাখ ৭৩ হাজার টাকা ক্ষতিসাধনের অভিযোগে গত বছরের ২৭ জানুয়ারি মতিঝিল থানায় একটি মামলা হয়। ওই মামলায় হাজি আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের আইটি বিভাগের সাবেক প্রধান ও অথরাইজড রিপ্রেজেনটেটিভ অমিত হালদারকে মতিঝিল থেকে গ্রেপ্তার করেছে দুদক।

দুই কোটি টাকা দামের অর্পিত সম্পত্তি দখলের অভিযোগে করা মামলায় মো. হজরত আলী ফকিরকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়।