দুদকের অভিযানে আরও ছয়জন গ্রেপ্তার
দুর্নীতি দমন কমিশন (দুদক) চলমান অভিযানে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার ঢাকা, চট্টগ্রাম, মাগুরা ও নেত্রকোনা থেকে এঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে।
এই ছয়জন হলেন অগ্রণী ব্যাংকের রাজধানীর বংশাল শাখার প্রিন্সিপাল অফিসার (বরখাস্ত) মো. ফারুক আহমেদ, চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্সি পূরবী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক খাইরুল আমিন লিটু, বাংলাদেশ কৃষি ব্যাংকের মাগুরা শাখার সাবেক মুখ্য কর্মকর্তা খন্দকার সাজেদুল আলম ও কর্মকর্তা (ক্যাশ) আসমত আলী বিশ্বাস, হাজি আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের আইটি বিভাগের সাবেক প্রধান ও অথোরাইজড রিপ্রেজেনটেটিভ অমিত হালদার এবং নেত্রকোনার মো. হজরত আলী ফকির।
এ নিয়ে দুদকের চলমান অভিযানে ৭৯ জনকে গ্রেপ্তার করা হলো। গত ২৭ মার্চ এই অভিযান শুরু হয়।
দুদকের সূত্র বলেছে, পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ফারুক আহমেদকে ঢাকার সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৩ সালের সেপ্টেম্বরে ওই মামলা করেছিল বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। কাস্টমস ও ব্যাংক কর্তৃপক্ষের সই ও সিল জাল করে ব্যবহার করার অভিযোগে ২০০৬ সালে করা একটি মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে খাইরুল আমিনকে।
কৃষি ব্যাংকের আলমখালী শাখায় ভুয়া শস্যঋণ প্রকল্প দেখিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের সেপ্টেম্বরে করা মামলায় খন্দকার সাজেদুল আলম ও আসমত আলী বিশ্বাসকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ লাখ ৭৩ হাজার টাকা ক্ষতিসাধনের অভিযোগে গত বছরের ২৭ জানুয়ারি মতিঝিল থানায় করা মামলায় অমিত হালদারকে মতিঝিল থেকে গ্রেপ্তার করেছে দুদক।
দুই কোটি টাকা দামের অর্পিত সম্পত্তি দখলের অভিযোগে করা মামলায় মো. হজরত আলী ফকিরকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়।