দুদকের আরও ১৫ মামলা

বেসিক ব্যাংকের অর্থ লোপাটে আরও ১৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ১৫টি মামলা করেছে সংস্থাটি।
এসব মামলায় প্রায় ৫৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে ৫৩ জনকে। এর মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২০ জন, ঋণগ্রহীতা ১৪টি প্রতিষ্ঠানের ২৮ এবং সার্ভে প্রতিষ্ঠানের পাঁচজন কর্মকর্তা রয়েছেন।
এসব মামলায়ও নেই ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম। ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম ও ডিএমডি ফজলুস সোবহান বেশিরভাগ মামলার আসামি। এ ছাড়া ব্যাংকটির গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার কর্মকর্তাদেরই আসামির তালিকায় রাখা হয়েছে।
আজ করা দুদকের ১৫টি মামলার মধ্যে ১৪ টিতেই আসামি করা হয়েছে সাবেক এমডি কাজী ফখরুল ইসলামকে। বর্তমান ডিএমডি ফজলুস সোবহান ১৩টি, কনক কুমার পুরকায়স্থ পাঁচটি ও মো. সেলিম চারটি মামলায় আসামি হয়েছেন। বরখাস্ত হওয়া ডিএমডি এ মোনায়েম খানকে আসামি করা হয়েছে ৯টি মামলায়। সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোরশেদ আসামি হয়েছেন দুটি মামলায়।
এ ছাড়া ব্যাংকটির শান্তিনগর শাখার সাবেক শাখাপ্রধান মোহাম্মদ আলী পাঁচটি মামলায়, গুলশান শাখার সাবেক শাখাপ্রধান শিপার আহমেদ তিনটি, সাবেক শাখা ব্যবস্থাপক এস এম ওয়ালিউল্লাহ দুটি, সাবেক ক্রেডিট ইনচার্জ এস এম জাহিদ হাসান চারটি, প্রধান কার্যালয় ক্রেডিট কমিটির সাবেক জি এম খন্দকার শামীম হাসান দুটি মামলায় আসামি হয়েছেন।
দিলকুশা শাখার সাবেক শাখাপ্রধান গোলাম ফারুক খান ও ওই শাখার সাবেক কর্মকর্তা পলাশ দাশগুপ্ত দুটি করে মামলায় আসামি হয়েছেন। প্রধান শাখার সাবেক শাখাপ্রধান জয়নাল আবেদীন চৌধুরী তিনটি, উমর ফারুক একটি, প্রধান শাখার সহকারী মহাব্যবস্থাপক ও ক্রেডিট ইনচার্জ আবদুস সাত্তার খান দুটি, সাবেক ক্রেডিট ইনচার্জ আবদুস সবুর ১টি, প্রধান কার্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশনের জিএম কোরবান আলী ২টি এবং শান্তিনগর শাখার ক্রেডিট ইনচার্জ সরোয়ার হোসেনকে একটি মামলায় আসামি করা হয়েছে।
নতুন করে আসামি হয়েছেন একজন ব্যাংকার। তিনি হলেন নীলফামারী শাখার সাবেক ব্যবস্থাপক ইকরামুল বারী। তাঁকে আসামি করা হয়েছে দুটি মামলায়।
ঋণগ্রহীতা ১৪টি প্রতিষ্ঠানের ২৮ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে এসব মামলায়।
বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে এর আগে সোমবার ১৮টি এবং মঙ্গলবার মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ২৩টি মামলা করে দুদক। দুদকের করা মোট ৫৬টি মামলায় মোট দুই হাজার নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হলেও তাঁকে বাদ দিয়ে তিন দিনে ৫৬টি মামলা করলো দুদক।
এসব মামলায় মোট আসামি ১৫৬ জন। এঁদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৬ জন। ঋণগ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের ৯২ জন এবং সার্ভে প্রতিষ্ঠানের ১০ জনকে আসামি করা হয়েছে। এঁদের অনেকেই রয়েছেন একাধিক মামলায় আসামি হয়েছেন। ঋণগ্রহীতাদের মধ্যে কয়েকজন রয়েছেন একাধিক মামলায়।
বেসিক ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলামকে আসামি করা হয়েছে ৪৮টি মামলায়। বর্তমান ডিএমডি ফজলুস সোবহান ৪৭ টি, কনক কুমার পুরকায়স্থ ২৩ টি, মো. সেলিম ৮ টি, বরখাস্ত হওয়া ডিএমডি এ মোনায়েম খান ৩৫টি মামলায় আসামি হয়েছেন।
দীর্ঘদিন ‘কার্যত’ বন্ধ থাকার পর চলতি বছরের জুলাই মাসে বেসিক ব্যাংকের জালিয়াতির ঘটনা অনুসন্ধানে সক্রিয় হয় দুদক। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বেসিক ব্যাংক নিয়ে আলোচনা এবং ৭ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের পর থেকে দুদক অনেকটাই নড়েচড়ে বসে। অনুসন্ধান-প্রক্রিয়া শেষ করে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় অনুসন্ধান দলকে।
দুদকের উপপরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ ঘটনার অনুসন্ধান করে কমিশনে প্রতিবেদন জমা দেয়। সে ধারাবাহিকতায় কমিশন গত ৮ সেপ্টেম্বর ৫৬টি মামলার অনুমোদন দেয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপপরিচালক মাহবুবুল আলম, উপসহকারী পরিচালক ফজলে হোসেন ও জয়নুল আবেদীন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি টাকা। ২০১৩ সালের মার্চে তা দাঁড়ায় ৯ হাজার ৩৭৩ কোটি টাকা। ওই চার বছর তিন মাসে ব্যাংকটি ৬ হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে।
বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ নিয়ে গণমাধ্যমে লেখালেখি শুরু হলে শুরুতে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা চিহ্নিত হলে সরকার ব্যাংক পুনর্গঠনে বাধ্য হয়। প্রথমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করা হয়। গত বছরের ২৯ মে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় ৪ জুলাই অর্থমন্ত্রীর বাসায় গিয়ে পদত্যাগপত্র দেন শেখ আবদুল হাই বাচ্চু।