দুদকের এএসআইয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বাগবাড়ি এলাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের ব্যারাক থেকে সংস্থার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম লায়েজ উদ্দিন (৫৩)। তাঁর লাশের পাশে একটি চিরকূট পাওয়া গেছে। সেখানে আত্মহত্যার কথা লেখা রয়েছে।

লায়েজ উদ্দিনের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি একা দুদকের ব্যারাকের একটি কক্ষে থাকতেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, মরদেহের পাশে হাতে লেখা একটি চিরকূট পাওয়া গেছে। এটি সুইসাইড নোট বলে ধারণা করা হচ্ছে। নোটে ‘প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণের আবেদন করেও না পাওয়ায় মনের দুঃখে আত্মহত্যা করলাম’ কথার উল্লেখ রয়েছে। ময়নাতদন্ত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিকেলে লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

লায়েজ উদ্দিন ২০১৪ সাল থেকে সিলেট কার্যালয়ে চাকরির সূত্রে দুদক ব্যারাকে বসবাস করছেন। মরদেহের পাশে পাওয়া ‘সুইসাইড নোট’ সম্পর্কে জানতে চাইলে দুদক সিলেটের পরিচালক শিরিন পারভিন বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো বিষয় আমরা জানি না। মরদেহের সঙ্গে কোনো কিছু পেলে পুলিশ জব্দ করে নিয়ে গেছে। এ ব্যাপারে তদন্ত করে পুলিশ কিছু জানালে দুদকের পক্ষ থেকে দেখা হবে।’

লায়েজ উদ্দিনের ছেলে হিমেল আহমদ এ ঘটনায় বাদী হয়ে বিকেলে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এতে হত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়।

ওসি জানিয়েছেন, মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। পুলিশ তদন্ত করে দেখবে।