দুদকের গণশুনানিতে নানা অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ।
গতকাল সোমবার সীতাকুণ্ড পৌর সদরে জেলা পরিষদের মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক), সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত গণশুনানিতে সাধারণ মানুষ এ অভিযোগ করেন।
গতকাল সকাল ১০টায় শুরু হয়ে গণশুনানি শেষ হয় বেলা দুইটায়। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনুপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার নাসির উদ্দিন।
গণশুনানিতে অভিযোগ করা হয়, চিকিৎসকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালোভাবে চিকিৎসা না দিয়ে রোগীদের তাঁদের পছন্দের ক্লিনিকে পাঠিয়ে দেন। এ ছাড়া অভিযোগ করা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ দেওয়া হয় না। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক পাওয়া যায় না বলেও অনেকে অভিযোগ করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনুপস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি মেজবাউল আলম অভিযোগের জবাব দেন। অনেকে অভিযোগ করেন, সীতাকুণ্ড ভূমি কার্যালয়ে কানুনগোকে টাকা দেওয়া ছাড়া কোনো কাজ হয় না। ইউনিয়ন ভূমি অফিসেও টাকা দিতে হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন বলেন, এ বিষয়ে আগে কেউ অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বিদ্যুৎ কার্যালয়ের বিরুদ্ধে ‘ভুতুড়ে বিল’ ও মিটার নিয়ে হয়রানি করার অভিযোগ করেন অনেকে। এ ছাড়া নির্বাচন কার্যালয় ও সাবরেজিস্ট্রি কার্যালয়ের বিরুদ্ধেও অভিযোগ আনেন উপস্থিত অনেকে। অভিযোগ সম্পর্কে এসব কার্যালয়ের কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন।
গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার নাসির উদ্দিন বলেন, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা পাওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার। প্রতিটি প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ একটু সচেতন হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।
গণশুনানিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, উপপরিচালক সৈয়দ আহমেদ, মো. মনিরুজ্জামান, মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া, পৌরসভার মেয়র বদিউল আলম এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম ইকবাল ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।