দুদকের তলবে তিতাস কর্মকর্তারা সবাই 'অসুস্থ'!
দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তলব করা তিতাসের কর্মকর্তাদের ‘অসুস্থতা’ যেন কাটছেই না। সে কারণে আজ মঙ্গলবারও দুদকে যাননি তাঁরা।
দুর্নীতির অভিযোগে আজ মঙ্গলবার দুদকে হাজির হতে তলব করা হয়েছিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঁচ কর্মকর্তাকে। তাঁরা হলেন তিতাসের নারায়ণগঞ্জ শাখার মহাব্যবস্থাপক শফিকুর রহমান, টিঅ্যান্ডটি শাখার (গাজীপুর) ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপক মো. আখেরুজ্জামান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী।
দুদক সূত্র জানায় তাঁদের মধ্যে মো. আখেরুজ্জামান ছাড়া বাকি চারজনই সকালে অসুস্থতার কথা জানিয়ে দুদকে চিঠি দিয়েছেন। চিকিৎসকের সনদপত্র সংযুক্ত করে জমা দেওয়া আবেদনে দুদকে হাজির হওয়ার জন্য সময় চেয়েছেন।
আরেকটি সূত্র জানায়, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ব্যবস্থাপক আখেরুজ্জামান। এর আগে সোমবার তিতাসের এমডি মীর মশিউর রহমানসহ তিনজনকে তলব করা হলেও তাঁরাও অসুস্থতার কথা জানিয়ে চিঠি দিয়ে দুদকে হাজির হননি। অবশ্য মীর মশিউর রহমান দুদকে হাজির না হলেও নিজ দপ্তরে অফিস করেছেন।
আরেক কর্মকর্তা সাব্বের আহমেদ চৌধুরী নৈমিত্তিক ছুটি নিয়ে অফিসে অনুপস্থিত ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে। এস এম আবদুল ওয়াদুদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
তাঁদের সবার বিরুদ্ধে মিটার টেম্পারিং ও মিটার বাইপাস করে গ্যাস-সংযোগ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, তলবে হাজির না হওয়া ব্যক্তিদের আবারও তলব করে চিঠি দেওয়া হবে। তখন হাজির না হলে অনুসন্ধানে অসহযোগিতার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সংস্থাটি।
এদিকে আরেকটি দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে কাল বুধবার সকালে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে তিতাসের দুই কর্মকর্তাকে। তাঁরা হলেন পাইপলাইন ডিজাইন বিভাগের একটি শাখার ব্যবস্থাপক সাব্বের আহমেদ চৌধুরী এবং ইলেকট্রিক্যাল কোরেশন কন্ট্রোল (ইসিসি) বিভাগের ব্যবস্থাপক মো. আবু বকর সিদ্দিকুর রহমান। তাঁদের এর আগে ৩০ সেপ্টেম্বর তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে তাঁরা দুদকে হাজির হননি। কিন্তু তাঁদের সময় আবেদনে সাড়া না দিয়ে আবারও তলবি নোটিশ দিয়েছেন দুদকের উপপরিচালক মাহবুবুর রহমান।গতকাল সোমবার পাঠানো চিঠিতে তাঁদের বুধবার সকাল সাড়ে ১০টায় হাজির হতে বলা হয়েছে।
চিঠিতে আগেরবার তলবে হাজির না হওয়ার বিষয়টি তাঁদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
তিতাসের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের অবৈধ সংযোগ, সীমার অতিরিক্ত গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে দিয়ে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তাঁরা। এ ছাড়া তিতাসের আরও বেশ কয়েকজন কর্মকর্তা এ অনুসন্ধানের আওতায় রয়েছেন।
দুদক সূত্র জানায়, ২০১৭ সালের অক্টোবরে দুদক এ অভিযোগ অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে এর দায়িত্ব ছিল উপপরিচালক আহমারুজ্জামানের। প্রেষণে দুদকে আসা এই কর্মকর্তা সম্প্রতি পদোন্নতি পেয়ে নিজ প্রতিষ্ঠান পুলিশে ফিরে গেলে নতুন অনুসন্ধানের দায়িত্ব পান দুদকের আরেক উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান। তাঁর নেতৃত্বে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য দুই সদস্য হলেন উপসহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও মোহাম্মদ শাহজাহান মিরাজ।
জানা গেছে, অভিযোগ সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছিলেন আগের অনুসন্ধান কর্মকর্তা। নতুন অনুসন্ধানের দায়িত্ব পেয়ে এ কে এম মাহবুবুর রহমান ও তাঁর দল তিতাসের এ দুই কর্মকর্তাকে তলব করেন।
এদিকে গত ২০ সেপ্টেম্বর “তিতাসে 'কেজি মেপে' ঘুষ লেনদেন” শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তিতাসের ঘুষ লেনদেনের একটি চিত্র তুলে ধরা হয়। দুদকের একাধিক সূত্র জানিয়েছে, অনুসন্ধানে প্রথম আলোর প্রতিবেদনে তুলে ধরা বিষয়গুলোও পর্যালোচনায় আনা হতে পারে।