দুদকের তলবে হাজির হননি সাবেক এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে দুদকে তলব করা হলেও তিনি হাজির হননি। তবে বর্তমান এমডি খোন্দকার মো. ইকবাল দুদকে এসে বক্তব্য দিয়েছেন দুদক কর্মকর্তাদের কাছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেছেন, ব্যাংকটির বিভিন্ন শাখায় ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের প্রয়োজনে বর্তমান এমডিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলে। প্রণব কুমার জানান, সাবেক এমডি কাজী ফখরুল ইসলামকে এদিন তলব করা হলেও তিনি দুদকে হাজির হননি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বেসিক ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা চিহ্নিত হলে সরকার ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠনে বাধ্য হয়। ব্যাংকের সে সময়ের এমডি কাজী ফখরুল ইসলামকে অপসারণ করে খোন্দকার মো. ইকবালকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর নেতৃত্বেই ব্যাংকটির পুনর্গঠন কার্যক্রম শুরু হয়।

দুদক সূত্র জানায়, বেসিক ব্যাংক দুর্নীতির অনুসন্ধান প্রায় শেষের দিকে। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকটির দুর্নীতির যেসব তথ্য দুদক পেয়েছে সেগুলোর বিশ্লেষণ করছেন অনুসন্ধান কর্মকর্তারা। এ ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তথ্য পর্যালোচনা এবং বিস্তারিত পর্যালোচনার জন্য বেসিক ব্যাংকের এমডির সঙ্গে কথা বলেছেন অনুসন্ধান কর্মকর্তারা। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে শেখ আবদুল হাই বাচ্চু ও কাজী ফখরুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে অর্থ আত্মসাতের জন্য ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর দায়ের কথা বলা থাকলেও অদৃশ্য কারণে তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান অনেকটাই স্থবির ছিল। বেসিক ব্যাংক-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনগুলো দুদককে অনেক আগেই হস্তান্তর করা হয়। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো তাগিদ ছিল না। এ প্রক্রিয়ায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন কাজী ফখরুল ইসলামও।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি টাকা। ২০১৩ সালের মার্চে তা দাঁড়ায় ৯ হাজার ৩৭৩ কোটি টাকা। ওই চার বছর তিন মাসে ব্যাংকটি ৬ হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে।