দুদকের দুই মামলা
বাংলাদেশে বিনিয়োগকারী একজন জাপানি নাগরিকের সই জাল করে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া রাস্তার ওপর দোকান হিসেবে বরাদ্দ দেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সার্ভেয়ারসহ দুজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে সংস্থাটি।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে জানান, আজ মঙ্গলবার মামলা দুটি করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গাজীপুরের উইনসন নিট কম্পোজিট লিমিটেডে বিনিয়োগকারী জাপানি নাগরিক জানসাতুর সই জাল করে প্রতিষ্ঠানটির পরিচালক মো. সেলিম রেজা ও জিনাত আফসানার শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে অভিযুক্ত করা হয়েছে। এঁরা হলেন, সিরাজগঞ্জের আজুগরা গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে মো. আমিরুল ইসলাম ও নোয়াখালীর সুধারাম থানাধীন নননাই গ্রামের শফিউল্লাহর ছেলে মো. আলাউদ্দিন। দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম ওই দুজনের বিরুদ্ধে মামলাটি করেন।
অন্যদিকে, রাস্তার ওপর দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগে ডিএসসিসির সার্ভেয়ার আবু সাদাত মোহাম্মদ সায়েমসহ দুজনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান।
মামলার এজাহারে বলা হয়, পল্টনের মনিসিংহ-ফরহাদ ট্রাস্ট ভবন ও দারুস সালাম মার্কেটের মাঝে রাস্তার ওপর ২৪০ বর্গফুট দোকান বরাদ্দ দেন সার্ভেয়ার আবু সাদাত মোহাম্মদ সায়েম। ভুয়া বরাদ্দপত্র দেখিয়ে তিনি পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা (বর্তমানে প্রবাসী) মো. আনোয়ার হোসেনের কাছ থেকে হাতিয়ে নেন ৩০ লাখ টাকা। ওই রাস্তার ওপর স্থাপন করা হয় ‘ধানসিঁড়ি’ নামের রেস্তোরাঁ। দুদকের অনুসন্ধানে জালিয়াতি প্রমাণ হওয়ায় মামলার সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা।
কমিশনের অনুমোদনক্রমে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় মামলাটি করা হয়।