দুদকের বিরুদ্ধে রাজউক কর্মীদের বিক্ষোভে টিআইবির উদ্বেগ
অর্থ আত্মসাতের মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই প্রকৌশলী গ্রেপ্তারের পর দুদকের বিরুদ্ধে রাজউক কর্মীদের বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হওয়ার পরও রাজউক কর্মীদের এ বিক্ষোভ সরকার ঘোষিত সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি তাঁদের অনাস্থার পরিচয়। এ পরিস্থিতি কাম্য হতে পারে না। এর মাধ্যমে বিক্ষোভকারীরা বাস্তবে দুর্নীতির পক্ষেই অবস্থান গ্রহণ করেছেন কি না, এটা তাঁদের ভাবা উচিত।
বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, দুদকের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বিষয়ে প্রশ্ন থাকলে নির্দিষ্ট রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। অনাকাঙ্ক্ষিত আন্দোলনের মাধ্যমে দুদককে অচল করে দেওয়ার হুমকি গ্রহণযোগ্য হতে পারে না।
গত সোমবার রাতে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান এবং রাজউকের নির্বাহী প্রকৌশলী, গুলশান-বনানী-বারিধারা ও উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে দুদক।
দুই প্রকৌশলীকে গ্রেপ্তারের পরদিন থেকেই রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন। গত মঙ্গলবারও বিক্ষোভ অব্যাহত থাকে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।