দুদকের ভুয়া পরিচালকের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা না হয়ে তিনি সংস্থার পরিচালক হিসেবে পরিচয় দিয়েছেন। সেনাবাহিনীর কর্মকর্তা না হয়েও নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়েছেন। দুদক ও সেনাবাহিনীর পদমর্যাদার মিথ্যা পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দিয়েছে দুদক।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম ইকবাল মহিউদ্দিন চৌধুরী। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে। আজ মঙ্গলবার কমিশনের সভায় ইকবালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক রফিকুল ইসলাম বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেবেন।

দুদক সূত্র জানিয়েছে, ইকবাল মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৪৬৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে ইকবাল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক এ এস এম রফিকুল ইসলাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশ সরকারের মনোগ্রাম খচিত একটি ভিজিটিং কার্ডে দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল এম আই চৌধুরী পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় এবং প্রতারণা করে আসছিলেন তিনি। দুদকের কাছে ওই অভিযোগ আসার পর সংস্থার পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের সরেজমিন অনুসন্ধানে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। অনুসন্ধানে বিভিন্নজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অনুসন্ধান শেষে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।