দুদকের মামলার ১০ বছর পর দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে মামলা হওয়ার ১০ বছর পর প্রধান দুই আসামি গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুজন হলেন কাস্টমসের অবসরে যাওয়া পরিদর্শক কাজী রফিকুল ইসলাম ও কালিপদ দাস।

দুদক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে তা আত্মসাতের অভিযোগে সাতজনের বিরুদ্ধে ২০০৬ সালের এপ্রিলে মামলা করে দুদক। কাস্টমসের ওই দুই কর্মকর্তা বাদে অন্য আসামিরা বাংলাদেশ পর্যটন করপোরেশনের শুল্কমুক্ত দোকানের কর্মী।

মামলার পরদিন রফিকুল ও কালিপদ উচ্চ আদালতে রিট আবেদন করেন। আদালত মামলার ওপর স্থগিতাদেশ দিলেও দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত আগস্টে রিট খারিজ হয়ে যায়। তদন্তের দায়িত্ব পান দুদকের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন। তদন্তের অংশ হিসেবে রফিকুল ও কালিপদকে গ্রেপ্তার করা হয়।

একই মামলায় ২৮ আগস্ট গ্রেপ্তার হন পর্যটন করপোরেশনের শুল্কমুক্ত দোকানের সাবেক নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. নাজমুল আরেফীন। তিনি বর্তমানে করপোরেশনের পিটিএস বিভাগের উপব্যবস্থাপক।

দুদকের ভাষ্যমতে, কূটনীতিক ও বিশেষ সুবিধাভোগী ব্যক্তিদের নামে ইস্যু করা ২১৬টি জাল পাস বইয়ের বিপরীতে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট করপোরেশনের দোকান থেকে নিয়ে তা খোলা বাজারে বিক্রি করা হয়। আসামিরা পরস্পরের যোগসাজশে এই কাজ করেন।

খুলনায় ব্যবসায়ী আটক: এদিকে আমাদের খুলনা প্রতিনিধি জানিয়েছেন, প্রিমিয়ার ব্যাংকের খুলনা শাখার ১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মজিবর রহমান খান নামে এক ব্যবসায়ীকে আটক করেছে দুদক। গতকাল সকালে নগরের খালিশপুর চিত্রালী বাজারে নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। তিনি মেসার্স মজিবর রহমান খান প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটি মূলত আমদানি-রপ্তানির ব্যবসা করে।

দুদকের খুলনা কার্যালয় সূত্র জানায়, মজিবর রহমান ২০১২ সালের জানুয়ারিতে প্রিমিয়ার ব্যাংকের খুলনা শাখা থেকে ঋণপত্রের (এলসি) মাধ্যমে ৭৬ কোটি ৯২ লাখ ১৫ হাজার ২৩৪ টাকা ঋণ নেন। পরে কিছু টাকা পরিশোধ করেন। তবে এত দিনে ওই টাকা সুদাসলে ১০২ কোটি ছাড়িয়ে গেছে।

তদন্তকারী কর্মকর্তা দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল প্রথম আলোকে বলেন, আদালতের মাধ্যমে মজিবরকে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।