দুদকের মামলায় গোপালগঞ্জের সাবেক কানুনগো গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গোপালগঞ্জের সাবেক কানুনগো রমেশ পালকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুর শহর থেকে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে গোপালগঞ্জের সহকারী কমিশনার ও হুকুমদখল কর্মকর্তার দায়িত্বে ছিলেন মো. শাহরিয়ার মতিন। এ সময় তিনি কানুনগো রমেশসহ ২০ জনের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৭৩২ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে অধিগ্রহণ করা কিছু জমির ওপর বসবাসকারী ১৪ জনকে মালিক সাজিয়ে তাঁরা ক্ষতিপূরণ দেওয়ার নামে এ অর্থ আত্মসাৎ করেন। অধিগ্রহণ করা এসব জমির মধ্যে বেসরকারি জমি, খাসজমি, অর্পিত সম্পত্তি ও জেলা পরিষদের রেকর্ডভুক্ত সম্পত্তি রয়েছে।

এই অভিযোগে শাহরিয়ার মতিনকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ আগস্ট গোপালগঞ্জ থানায় মামলা করেন ফরিদপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলী আকবর খান। এ মামলার বাকি আসামিদের মধ্যে রয়েছেন রমেশসহ তিন কানুনগো ও মো. কাসেদুল হকসহ তিন সার্ভেয়ার ও ১৪ জন ভুয়া মালিক। মামলাটি তদন্তের দায়িত্ব পড়ে দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুল ইসলামের ওপর।

ফরিদপুরের আদালত পরিদর্শক মনিরুদ্দীন মোল্লা বলেন, সাবেক কানুনগো রমেশকে গতকাল দুপুরে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাসুদ আলীর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ মামলার প্রধান আসামি শাহরিয়ার মতিনসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন।