দুদকের মামলায় রামপালের পিআইও গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে একটি শহীদ মিনার নির্মাণ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে করা মামলায় রামপাল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্বপন কুমার ব্রহ্মকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা মহানগরের বয়রা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদক। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ২০১১-১২ অর্থবছরে বাগেরহাটের রামপাল উপজেলার হলকা ইউনিয়নের দিঘলিয়া দিঘির পাড়ে নতুন একটি শহীদ মিনার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ওই প্রকল্পের জন্য হলকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তপন কুমার গোলদারকে সভাপতি এবং কয়েকজন ইউপি সদস্যকে সদস্য রেখে একটি কমিটি করে ৪ লাখ ৯১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। স্বপন কুমার ব্রহ্ম ওই কাজের তদারকির দায়িত্বে ছিলেন। কমিটির সদস্যদের যোগসাজশে বরাদ্দের চেয়ে আরও প্রায় ৯০ হাজার টাকা বেশি খরচ করা হয়। ঘটনা জানতে পেরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) দিয়ে নিরপেক্ষ পরিমাপ করে প্রকল্প কর্মকর্তার অনিয়ম চিহ্নিত করে দুদক।
ওই ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট রামপাল উপজেলা বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান আসামি করে মোট ১২ জনের বিরুদ্ধে রামপাল থানায় মামলা করেন দুদকের ডিএডি মোশাররফ হোসেন। ওই মামলায় আজ স্বপন কুমার ব্রহ্মকে গ্রেপ্তার করা হয়।