দুদকের মামলায় শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার
বরিশালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল কার্যালয়। তাঁর বিরুদ্ধে সাড়ে ১৮ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকায় মামলা করেছে দুদক। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলো।
গতকাল সোমবার বেলা ১১টায় বরিশাল নগরের গোড়াচাঁদ দাস রোডে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয় থেকে পুলিশের সহযোগিতা নিয়ে সাইফুর রহমানকে গ্রেপ্তার করে দুদক। পরে তাঁকে কোতোয়ালি মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বরিশাল দুদকের উপপরিচালক মো. মতিউর রহমান বলেন, প্রোগ্রামার সাইফুর রহমান ঢাকার শিক্ষা ভবনের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলের প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। পরে তাঁকে একই পদে বরিশাল মাউশিতে বদলি করা হয়। মহাপরিচালকের কার্যালয়ে কর্মরত থাকাকালে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন সাইফুর। ২০১৫ সালের জুলাইয়ে ঢাকায় কর্মরত থাকাকালে রংপুর অঞ্চলের ১৮ জন শিক্ষকের বেতন কোড বিধিবহির্ভূতভাবে পরিবর্তন করে উচ্চতর ধাপে উন্নীত করা বাবদ ১৮ লাখ ৫০ হাজার টাকা উৎকোচ নেন তিনি। তাঁর এই কাজে সহযোগিতা করেন কুড়িগ্রাম জেলার আদর্শ দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ওরফে আশু। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারি বাদী হয়ে সাইফুর রহমান ও শিক্ষক লুৎফর রহমানের বিরুদ্ধে গত ২৮ নভেম্বর ঢাকার শাহবাগ থানায় মামলা করেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাইফুরকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রামের শিক্ষক লুৎফর রহমান পলাতক রয়েছেন।