দুদকের মামলায় সাহেদের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহেদ করিম
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আজ রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আজ অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুদকের এই মামলায় সাহেদের বিচার শুরু হলো।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগ গঠনের শুনানিকালে সাহেদ নিজেকে নিরাপরাধ দাবি করেন। তিনি আদালতের কাছে ন্যায়বিচার চান।

দুদকের পিপি মাহমুদ হোসেন বলেন, আসামি সাহেদ দুদকের কাছে তাঁর সম্পদের হিসাব জমা দেননি। অবৈধভাবে ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন।

দুই বছর আগে ২০২০ সালের ৫ নভেম্বর দুদক এক নোটিশে সাহেদকে ২১ কার্যদিবসের মধ্যে তাঁর সম্পদের হিসাব জমা দিতে বলে। কিন্তু সাহেদ নির্ধারিত সময়ে তাঁর সম্পদের বিবরণী জমা দেননি। পরবর্তী সময়ে সাহেদকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। তারপরও তিনি সম্পদের বিবরণী জমা দেননি।

এমন প্রেক্ষাপটে অনুসন্ধানের পর সাহেদের বিরুদ্ধে গত বছরের ১ জানুয়ারি মামলা করে দুদক।

রিজেন্ট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির মামলায় ২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে অবৈধ অস্ত্রসহ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

আদালতের অনুমতি সাপেক্ষে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ১৮ জুলাই সাহেদকে সঙ্গে নিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও মাদক উদ্ধার করে।

অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনাল এই রায় দেন।