দুদকের সেই চিঠি এখনো পৌঁছেনি মন্ত্রণালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারজন সচিব ও একজন যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে দুর্নীতি দমন কমিশনের পাঠানো চিঠি এখনো পাননি বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার রাজধানীর পরিবহন পুল ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের কাছে এই দাবি করেন।

মন্ত্রী বলেন, দুদকের সুপারিশসহ কোনো চিঠি তাঁরা এখনো পাননি। চিঠি বা সুপারিশ পেলে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁরা মুক্তিযোদ্ধা সনদ বাতিল করতে পারেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে আইনানুগ ব্যবস্থা নিতে বলবেন।

আ ক ম মোজাম্মেল হক জানান, দুদকের পাশাপাশি মন্ত্রণালয়ও বিষয়টি তদন্ত করবে। সচিব হোক অথবা অন্য যে কেউ হোক, প্রতারণা করে থাকলে কেউ ছাড় পাবেন না।

অভিযোগ ওঠা সচিবরা হলেন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা, সদ্য ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান)। আরও রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।

এই পাঁচজনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে গতকাল সোমবার দুদকের পক্ষ থেকে জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে গত ২২ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সরকারি নিয়ম অনুযায়ী, চাকরিতে যোগদানের সময়ই নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিতে হয়। কিন্তু এই শীর্ষ কর্মকর্তারা চাকরির শেষ সময়ে এসে নিজেদের মুক্তিযোদ্ধা ঘোষণা করে সনদ নিয়েছেন।

দুদকের কর্মকর্তারা বলেন, আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ নেই বলে তাঁরা মামলা করতে পারছেন না। এ জন্য এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে বলা হয়েছে।

যাঁরা ভুল তথ্য দিয়ে চাকরির মেয়াদ বাড়িয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। এ পর্যন্ত ১৮২ জন সরকারি কর্মকর্তার সনদ বাতিল করা হলেও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশ ছাড়া এ পর্যন্ত যত সনদ দেওয়া হয়েছে, তা বাতিলের সুপারিশ করেছে মন্ত্রণালয়। জামুকার সুপারিশ ছাড়া সনদ নেওয়ার সংখ্যা তিন হাজারেরও বেশি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই পাঁচ সচিবও জামুকার সুপারিশ ছাড়াই মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন।

গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ১১ হাজার ১৫০ জন। সচিব থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, ব্যাংকারও রয়েছেন তাঁদের মধ্যে।

আওয়ামী লীগের গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এই আমলেও তা চলছে। গত ৬ আগস্ট নতুন করে জামুকা গঠন করা হয়েছে। এখনো মুক্তিযোদ্ধা সনদ চেয়ে আবেদন আসছে এবং এগুলো যাচাই-বাছাই করছে জামুকা।