দুদকের হস্তক্ষেপে ওয়াসার বিক্রয়কেন্দ্রে অবৈধ ব্যবসা বন্ধ

রাজধানীর উত্তরায় ওয়াসা মডস জোন-৯-এর কার্যালয়ে অবস্থিত ওয়াসার পানি বিক্রয়কেন্দ্রে (শান্তি ব্র্যান্ড) অবৈধভাবে মোবাইল রিচার্জ ও মোবাইলে আর্থিক সেবার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার দুদক এ উদ্যোগ নেয় বলে সংস্থাটি জানিয়েছে।
সূত্র জানায়, সকালে এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী এ অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। মডস জোন-৯-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিয়াজ উদ্দিন এ আদেশ পাওয়ার পর মাত্র ২০ মিনিটের মধ্যে এ অবৈধ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দুদককে নিশ্চিত করেন।
আজ প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়।
অন্যদিকে, রাজশাহীতে অবৈধ সিন্ডিকেটের ফলে সদর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকায় জনগণ মারাত্মক হয়রানির শিকার হচ্ছে ও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, দুদকে এ অভিযোগ আসে। এ অভিযোগ পেয়ে অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রোববার থেকেই ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর নির্দেশ দেন দুদক মহাপরিচালক। এ আদেশের পরপরই জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ প্রসঙ্গে দুদকের এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘জনগণের করের অর্থে সরকারি অফিস চলে। সরকারি অফিসে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হটলাইন-১০৬-এর মাধ্যমে পদক্ষেপ নিচ্ছে।’