দুদকের হাতে গ্রেপ্তার আরও ৯
বিভিন্ন দুর্নীতি মামলায় সাব–রেজিস্ট্রার, দলিল লেখক, ব্যাংকার, ওষুধ কোম্পানির কর্মচারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দেশের বিভিন্ন এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ।
দুদকের নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৪৬। চলতি বছরের ২৭ মার্চ থেকে বেশ ঘটা করেই গ্রেপ্তার অভিযান শুরু করে সংস্থাটি।
আজ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদরের সাব–রেজিস্ট্রার লুৎফুর রহমান মোল্লা, দলিল লেখক এ কে এম মনসুর রহমান, রূপালী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার নীলকমল মিত্র, ওষুধ কোম্পানি এডরুক লিমিটেডের মেডিকেল ইনফরমেশন অফিসার বিখারুল ইসলাম, ঢাকার র্যাপিড ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের সভাপতি জয়নুল আবেদীন মজুমদার, সাধারণ সম্পাদক নাজমুল হক খান, খুলনার জেএস ট্রেডিংয়ের শ্যামা প্রসাদ ঘোষ, খুলনার অতুল চন্দ্র নাথ ও অপু নাথ।
সূত্র জানায়, জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরির অভিযোগে করা মামলায় সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাতক্ষীরা সদরের সাব–রেজিস্ট্রার লুৎফুর রহমান মোল্লা ও দলিল লেখক এ কে এম মনসুর রহমানকে। গত ২০ এপ্রিল তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক।
ওষুধ কোম্পানি এডরুক লিমিটেডের প্রায় তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে করা একটি মামলায় খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিষ্ঠানটির মেডিকেল ইনফরমেশন অফিসার বিখারুল ইসলামকে।
জালিয়াতির মাধ্যমে রূপালী ব্যাংকের ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে রূপালী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার নীলকমল মিত্র ও জেএস ট্রেডিংয়ের শ্যামা প্রসাদ ঘোষকে। গত বছরের মে মাসে তাঁদের বিরুদ্ধে মামলা হয়।
প্রতারণার মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় খুলনা থেকে অতুল চন্দ্র নাথ ও অপু নাথকে গ্রেপ্তার করা হয়। গত বছরের জুন মাসে খুলনার খালিশপুর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক।
রাজধানীর বাংলামোটরে অবস্থিত র্যাপিড ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের আমানতকারী সিদ্দিকুর রহমানের ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির সভাপতি জয়নুল আবেদীন মজুমদার ও সাধারণ সম্পাদক নাজমুল হক খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরে মার্চে তাঁদের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়।