দুদকের 'ফাঁদে' প্রকৌশলী!
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন সহকারী প্রকৌশলীকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে চুয়াডাঙ্গা দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর নাম মাহমুদ আলম। দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল আজ বুধবার বিকেলে চুয়াডাঙ্গা কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ঠিকাদার খাইরুল ইসলাম স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ৪৩ লাখ টাকার একটি সরকারি কাজ করেন। সম্প্রতি তিনি নিরাপত্তা জামানতের টাকা ফেরত চাইলে প্রকৌশলী মাহমুদ আলম ২ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। গত ১৫ জুলাই ওই ঠিকাদার বাধ্য হয়ে এক লাখ টাকা ঘুষ দেন। কিন্তু এর পরও তিনি জামানতের টাকা ফেরত পাননি। এর পর গত ৭ আগস্ট প্রকৌশলী মাহমুদ আলম আরও ১ লাখ ২০ হাজার ঘুষ দাবি করেন।
এর পর ঠিকাদার খাইরুল ইসলাম ঘুষ দাবির বিষয়ে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। আজ বুধবার বিকেল দুদকের উপপরিচালক মো. আব্দুল গাফফারের নেতৃত্বে দুদকের একটি দল অভিযুক্ত প্রকৌশলীকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতেন। পরিকল্পনা অনুযায়ী ঠিকাদার খাইরুল ইসলাম দুদক উপপরিচালকের সামনেই প্রকৌশলী মাহমুদ আলমকে ৫০ হাজার টাকা ঘুষ দেন। একপর্যায়ে দুদক উপপরিচালক অন্যান্য সহকর্মীদের ডেকে ওই প্রকৌশলীকে আটক করেন।
দুদক প্রকৌশলী মাহমুদ আলমকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুদক উপপরিচালক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।