দুদিন ধরে 'নিখোঁজ' স্কুলছাত্র

দুদিন ধরে ‘নিখোঁজ’ কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকায় অবস্থিত শাহীন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. এমদাদুল ইসলাম ফাহাদ (১৩)। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এমদাদুলের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার জোড়পুকুরিয়ায়। শিশুটির বাবা মো. জাকির হোসেন সন্তানদের পড়াশোনার জন্য কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউর দ্বিতীয় কান্দিরপাড় মুকিমপুর হাউসের ১০৯/২ বাসায় ভাড়া থাকেন।
জাকির হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তাঁর ছেলে স্কুলের উদ্দেশে বের হয়। পরে আর ফিরে আসেনি।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনার আগের দিন বুধবার বিকেলে কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রের সঙ্গে এমদাদুলের খেলা নিয়ে ঝগড়া হয়। এটা ওই শিক্ষার্থীর মা এমদাদুলের মায়ের কাছে অভিযোগ করেন। ওই সময় এমদাদুলকে শাসন করেন তার মা। এর বাইরে আর কোনো ক্লু নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।