দুদিন পর মধুমতীতে ভেসে উঠল লাশ
সংঘর্ষের একপর্যায়ে মাথায় আঘাত লেগে নদীতে পড়ে গিয়েছিলেন ১৮ বছরের মনির হোসেন। দুদিন ধরে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। পরে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে গোপালগঞ্জের সদর উপজেলার উরফি ইউনিয়নের চর সরশপুরের মধুমতী নদীতে ওই তরুণের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মনির বিশ্বাস খুলনার তেরখাদা উপজেলার সাপিয়াদহ ইউনিয়নের চর নলিয়া গ্রামের শরিফ শেখের ছেলে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও মনিরের দুই আত্মীয়ের সঙ্গে কথা বলে জানা যায়, চর সরশপুর গ্রামে নদীর পাড়ে একটি দোকানের মালিক ছিলেন এলাকার বাসিন্দা আরোজ শেখ। তিনি দোকানটি তার ভগ্নিপতি খোকা শেখকে ব্যবহার করতে দেন। কিন্তু পরবর্তী সময়ে খোকা শেখ দোকানটি নিজের দাবি করে পাকা করার উদ্যোগ নেয়। গত রোববার দোকান পাকা করার কাজ শুরু করলে বাধা দেন আরোজ শেখ। এ নিয়ে দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আরোজ শেখের আত্মীয় মনির বিশ্বাস মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুদিন ধরে তল্লাশি চালালেও তাঁকে পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, আজ সকালে ওই নদীতে এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।