দুদিন পর মালিবাগ থেকে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৭
অপহরণের দুদিন পর গতকাল বুধবার র্যাব রাজধানীর মালিবাগের একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃত যুবক মো. সোহেলকে (২৩) উদ্ধার করেছে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গতকাল বিকেলে র্যাব-৩-এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাসায় সোহেল নামের এক যুবককে আটকে রেখে তাঁর পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পরে র্যাবের ওই দলটি মালিবাগ চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে অপহৃত সোহেলকে উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেখান থেকে মো. মামুন, মো. রুবেল, মো. কাঞ্চন , মো. শাওন আহম্মেদ, মো. সুমন, মোছাম্মৎ তানিয়া ও মোছাম্মৎ হাছনাকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ধারালো অস্ত্রসহ ১১টি মুঠোফোন সেট উদ্ধার করা হয়। র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মকসুদ রসুল বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া অপহরণ চক্রের সদস্যরা জানিয়েছেন, তাঁরা সোমবার রাতে সোহেলকে অপহরণ করে মালিবাগ চৌধুরীপাড়ার বাসায় আটকে রেখে মুঠোফোনে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ দেওয়া না হলে তাঁরা সোহেলকে মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন। তাঁরা এ রকমের ১৫-১৬টি অপহরণ করে মুক্তিপণ আদায় করেছেন বলে স্বীকার করেন।