
পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের দুই দিনে সারা দেশে গ্রেপ্তার হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার লোক। দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার সকাল থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের সংখ্যা ২ হাজার ১৩২।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৮ জন সন্দেহভাজন জঙ্গি। এদের ৪৭ জনই নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য এবং ১ জন আনসারুল্লাহ বাংলা টিমের। বিশেষ অভিযানের দুই দিনে ৮৫ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজনৈতিক কর্মী, পরোয়ানাভুক্ত আসামি, নাশকতা, মাদক এবং অস্ত্র মামলার আসামি অধিক সংখ্যায় গ্রেপ্তার হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদনে দেখা যায়, জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে এখন পর্যন্ত বিএনপির ২০ এবং জামায়াতের ৬৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে প্রথম আলোর বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে দেখা যায়, ১৪ জেলায় গতকাল কমপক্ষে ১৫০ জন বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আগের দিন ২৪ জেলায় বিএনপি-জামায়াতের কমপক্ষে ২৫০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।
গতকালের অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি ১ হাজার ৪৯৬ জন, মাদক মামলার আসামি ৩৯১ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলার আসামি ৪১ জন এবং অন্য মামলার আসামি ১৫৬ জন।
কয়েকটি জেলায় বিরোধীদলীয় নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, গ্রেপ্তার ও হয়রানির ভয়ে বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াতের কর্মীরা আতঙ্কে আছেন। পুরোনো নাশকতার মামলায় নতুন করে ধরপাকড় করা হচ্ছে।
এটি জঙ্গিবিরোধী বিশেষ অভিযান হলেও বিরোধীদলীয় নেতা-কর্মী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের ফলে এ অভিযান সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা সব সময় জঙ্গিবিরোধী জোরদার অভিযানের দাবি জানাই। যারা এ রকম ঘৃণ্যভাবে মানুষকে হত্যা করছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। তবে ঢালাওভাবে গ্রেপ্তার হলে আশঙ্কা করার যথেষ্ট কারণ থাকে যে, নিরীহ মানুষেরাও হয়রানির শিকার হতে পারে। নিরীহ মানুষেরা যে হয়রানি হয় না, এ কথা পুলিশও জোর দিয়ে বলতে পারে না। এখন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে সুযোগ এসেছে সাধারণ মানুষের কাছে নিজেদের আস্থা বাড়ানোর। এ জন্য অভিযান হওয়া উচিত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে।’
সুলতানা কামাল আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ নিয়ন্ত্রণের নিজস্ব কৌশল থাকে। তাতে গোয়েন্দারা বড় ভূমিকা রাখেন। গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে, কারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত।
পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় দিনে টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে দুই, জামালপুরে এক, শেরপুরে এক, রাজশাহীতে তিন, চাঁপাইনবাবগঞ্জে চার, নওগাঁয় ছয়, পাবনায় এক, সিরাজগঞ্জে এক, বগুড়ায় পাঁচ, জয়পুরহাটে ছয়, খুলনায় এক, নড়াইলে এক, সাতক্ষীরায় দুই, রংপুরে এক, গাইবান্ধায় এক, নীলফামারীতে এক, দিনাজপুরে এক, ঠাকুরগাঁওয়ে এক, পঞ্চগড়ে দুই, বরিশালে এক, হবিগঞ্জে এক, কুমিল্লায় এক, ব্রাহ্মণবাড়িয়ায় এক, রাজশাহীতে এক ও চট্টগ্রামে একজন জেএমবি সদস্য এবং বরগুনায় আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২টি শুটারগান, গুলি, ৫০০ গ্রাম গানপাউডার, ১৭টি ককটেল, ২টি বন্দুকের কার্তুজ, ৯টি চাপাতিসহ অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন জেলায় গ্রেপ্তার: ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, চট্টগ্রাম নগর ও জেলায় বিশেষ অভিযানে গতকাল ৩৮১ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে জামায়াত-শিবিরের সদস্য ৪০ জন। তবে এঁদের বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ।
রাজশাহীতে গতকাল জেএমবির ৪ সদস্য, শিবিরের ১৩ নেতা-কর্মীসহ ১৫০ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক শরিফুল ইসলাম। গতকাল বাগমারা থানার পুলিশ একজন কলেজশিক্ষকসহ তিনজনকে আটক করেছে। তাঁরা জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।
সিলেট জেলা ও মহানগরীতে ৬৪ জনকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে জামায়াত-শিবিরের কর্মী ১৫ জন। ঝিনাইদহে জামায়াতের ১১ কর্মীসহ ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে টাঙ্গাইলের বিভিন্ন স্থান থেকে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। মির্জাপুর থেকে আকরামুল ইসলাম নামের জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়ার আদমদীঘিতে নশরৎপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আল আমিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় জামায়াতের ৩ কর্মীসহ ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জামায়াতের কর্মীরা নাশকতার মামলার আসামি। অন্যরা মাদক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি।
শেরপুর উপজেলায় পৃথক অভিযানে জেএমবি সদস্য ও জামায়াত নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নাশকতার মামলায় স্থানীয় জামায়াত-শিবিরের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালীতে হিযবুত তাহ্রীরের সদস্য, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে একজন বিএনপির কর্মী ও ছয়জন জামায়াত-শিবিরের কর্মী। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। লক্ষ্মীপুরে গ্রেপ্তার হয়েছেন ৩৭ জন। এঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় শামীম মিয়া নামে জেএমবির ১ জন সদস্যসহ ৫৫ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি, জামায়াতের নেতা-কর্মী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানার আসামি। নীলফামারীতে জেএমবির ১ সদস্য, জামায়াতের ১ কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা থেকে ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আবদুল্লাহ আল মাহফুজ সুমনসহ (৩০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম রব্বানীসহ দুজন গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া রংপুরে ৯৬, ফরিদুপরে ৮০, বরগুনায় ৭৬, সিরাজগঞ্জে ৪৪, জামালপুরে ৪৩, সাতক্ষীরায় ৪৪, গাইবান্ধায় ৩৮ ও মেহেরপুরে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।