দুদিনে দুজন খুন গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গত সোম ও মঙ্গলবার যুবলীগের এক নেতাসহ দুজন খুন হয়েছেন। এসব ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নিহত যুবলীগ নেতা শরিফুজ্জামান (৩২) উজানচর ইউনিয়নের জয়নদ্দিন সর্দারপাড়ার বাসিন্দা। শরিফুজ্জামান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। স্থানীয় কয়েকজন জানান, শরিফুজ্জামানের সঙ্গে অপর যুবলীগ নেতা জিন্দার আলীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ ছিল। দরাপেরডাঙ্গা এলাকায় মঙ্গলবার সকালে দুর্বৃত্তরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরিফুজ্জামানকে কুপিয়ে হত্যা করে।
শরিফুজ্জামান হত্যার ঘটনায় গতকাল তাঁর মা বাদী হয়ে জিন্দার আলী, নান্নু, জব্বার শেখসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ বলছে, শরিফুজ্জামান ও জিন্দার চিহ্নিত সন্ত্রাসী। শরিফুজ্জামান সম্প্রতি অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়েন। আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনা ঘটতে পারে।
অপর দিকে রাজবাড়ী শহরের কাপড় ব্যবসায়ী আসাদুজ্জামান ওরফে মাসুদ মোল্লার (২৫) লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়। উপজেলার দেবগ্রাম তেনাপচা সড়কের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। গোয়ালন্দঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।