দুদিনেও গ্রেপ্তার হননি এসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় যৌতুকের দাবিতে কলেজছাত্রী স্ত্রীকে নির্যাতনের মামলা নেওয়ার দুই দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ মামলার প্রধান আসামি ওই ছাত্রীর স্বামী পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুল ইসলাম। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত।

নির্যাতনের শিকার ছাত্রী আশরাফুন্নাহার লোপার মা সেলিনা আক্তার গত সোমবার রাতে শ্রীবরদী থানায় মামলাটি করেন। আশরাফুন্নাহার চার দিন ধরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি জেলা শহরের দমদমা এলাকার ব্যবসায়ী আমিনুল ইসলামের মেয়ে।

হাসপাতালটির কনসালট্যান্ট সার্জন (ভারপ্রাপ্ত) মুক্তি মাহমুদ প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সকালে কাশির সঙ্গে আশরাফুন্নাহারের মুখ দিয়ে রক্ত বের হয়। এ জন্য তাঁর বুকের এক্স-রে করানো হয়েছে।

গতকাল দুপুরে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ও সাধারণ সম্পাদক শক্তিপদ পাল হাসপাতালে আশরাফুন্নাহারকে দেখতে যান।

থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে শ্রীবরদীর ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা এসআই শাহিনুল ইসলামের সঙ্গে আশরাফুন্নাহারের বিয়ে হয়। এরপর থেকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। এর জের ধরে গত ২২ মে রাতে ঘোনাপাড়া গ্রামের বাড়িতে স্বামী শাহিনুল ও শ্বশুরবাড়ির লোকজন আশরাফুন্নাহারের ওপর নির্যাতন চালান। পরে তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত চলছে। গ্রেপ্তারে িকছুটা সময় লাগতে পারে।