দুদিনেও মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল নাটুয়াপাড়া বাজারে দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনার পর দুই দিনেও থানায় মামলা নথিভুক্ত হয়নি।
উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হক সরকারের বাজারের একটি দোকান গত বৃহস্পতিবার সকালে পুড়িয়ে দেওয়া হয়। তোজাম্মেল হক অভিযোগ করেন, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার তাঁর ক্যাডার বাহিনী দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
তোজাম্মেল হক দাবি করেন, ‘ঘটনার পর আমি নিজে থানায় উপস্থিত হয়ে তিনটি অভিযোগ দিয়েছি। অভিযোগ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, এটি মামলা আকারে নথিভুক্ত করা হবে। কিন্তু ঘটনার দুই দিন পার হলেও ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে পুলিশ মামলা নথিভুক্ত করছে না। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আমাকে মেরে ফেলার হুমকি দেওয়ায় পালিয়ে বেড়াচ্ছি। বাড়িতে আমার পরিবারের সদস্যদেরও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা ভয় দেখাচ্ছেন।’ তোজাম্মেল হক বলেন, ‘আগে আমি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলাম। বর্তমান উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হকের রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি হয়েও বিচার পাচ্ছি না। যদি থানা মামলা না নেয়, তবে আদালতে মামলা দায়ের করব।’
এ বিষয়ে কাজীপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘কোনো আবেদন না পাওয়ায় মামলার নথিভুক্ত করা যাচ্ছে না। অভিযোগ পেলে অবশ্যই মামলা নেওয়া হবে।’
মোজাম্মেল হক সরকার বলেন, ‘মামলার বিষয় নিয়ে ওসির সঙ্গে আমার কথা হয়েছে। অবশ্যই মামলা নেওয়ার কথা। ছাত্রলীগের এক ছেলে একটি মেয়ের হাত ধরার কারণে সৃষ্ট পরিস্থিতির জের ধরে এ ঘটনা ঘটেছে।’
গত বুধবার তোজাম্মেল হক সরকারের ভাগনি অষ্টম শ্রেণির ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের নেতা আকবর আলী তাকে একা পেয়ে উত্ত্যক্ত করেন। এ ঘটনায় ওই ছাত্রীর মামাতো ভাই সোহেল রানা (তোজাম্মেলের ছেলে) প্রতিবাদ করেন। এর পরের দিন আকবরের সহযোগীরা তোজাম্মেল হকের দোকান পুড়িয়ে দেয়।