দুধবিক্রেতাকে মারধর করলেন পুলিশ সদস্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. সাইফুল ইসলাম নামের এক দুধবিক্রেতাকে পুলিশের এক সদস্য মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে বাউফল থানার অদূরে ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে। আহত সাইফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাইফুলের বাড়ি উপজেলার সূর্যমণি গ্রামে। বাউফল থানার গাড়িচালক পুলিশ সদস্য আলমগীর তাঁকে কিলঘুষি ও লাথি মেরে আহত করেন।

সাইফুল (৩২) ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ সদস্য আলমগীর চার দিন আগে সাইফুলের কাছ থেকে ১০ লিটার দুধ কিনেছিলেন। ওই দুধে ভেজাল ছিল, এমন অভিযোগ এনে তিনি গতকাল সকাল ১০টার দিকে সাইফুলকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে আহত করেন। পরে স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে পুলিশ সদস্য আলমগীর বলেন, ‘মারধর করা হয়নি। তবে দুধে ভেজাল ছিল এ বিষয়ে তাঁকে (সাইফুল) জিজ্ঞাসা করেছিলাম।’