দুধের শিশু রেখে উধাও নারী!
কন্যা শিশুটির বয়স ১৫-১৬ দিন। তাকে হাসপাতালে ফেলে গেছেন এক নারী। অনেক খোঁজাখুঁজি করেও ওই নারীর সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে (২০৭ নম্বর ওয়ার্ড) এ ঘটনা ঘটে।
শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৭ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বিছানায় আঁখি আক্তার নামের এক নারীর তত্ত্বাবধানে আছে। সেখানে তাঁর (আঁখি) শিশু চিকিৎসাধীন রয়েছে।
আঁখি আক্তার জানান, আজ বিকেল চারটার দিকে এক নারী এসে শিশুটিকে তাঁর কাছে দিয়ে বাথরুমে যাওয়ার কথা বলে চলে যান। এরপর ওই নারী আর আসেননি। সন্ধ্যা ছয়টার দিকে শিশুটি কান্নাকাটি শুরু করে। তখন তিনি ওই ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য শোভাকে বিষয়টি জানান। শোভা কর্তব্যরত চিকিৎসক আহমেদুল কবিরকে বিষয়টি জানান। পরে আহমেদুল কবির শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করেন।
আনসার সদস্য শোভা জানান, ‘আমরা মনে করছি বাচ্চাটি চুরি করা হয়েছে। তাই হাসপাতালের গাইনি ও শিশু ওয়ার্ডে খোঁজ নেই। কিন্তু শিশুটির দাবিদার কাউকে খুঁজে পাওয়া যায়নি। পরে বিষয়টি চিকিৎসককে জানাই।’
আহমেদুল কবির জানান, শিশুটির সামান্য জন্ডিস আছে। তবে সে সুস্থ। সে খাওয়ার জন্য কান্নাকাটি করছে। তাকে শিশুখাদ্য খাওয়ানো হচ্ছে।