দুপক্ষের সংঘর্ষে আ.লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার জয়নগরে আজ শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা শহীদ আলী শেখ নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। 

নিহত শহীদ (৪০) জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জয়নগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দীন চৌধুরী অভিযোগ করেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আসন্ন ইউপি নির্বাচনে তাঁর পক্ষে নেতা-কর্মী ও সমর্থকেরা এলাকায় মিছিল বের করেন। এ সময় জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আনছার জমাদ্দার ও বিএনপির কর্মী পিরু শেখ মিছিল করতে বাধা দেন। এতে উভয় পক্ষে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক জয়নগর চরের জমিতে কাজ করতে গেলে আনছার জমাদ্দার ও পিরু শেখের লোকজন তাঁদের ওপর হামলা চালান। হামলায় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ আলী শেখ ও আওয়ামী লীগ কর্মী মনিরুল শেখসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় শহীদ আলী শেখ, মনিরুল শেখ, কিবরিয়া ও সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে শহীদ আলী মারা যান। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে আনছার জমাদ্দার বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই। শুনেছি নির্বাচনী মিছিল করা নিয়ে গ্রামে মারামারি হয়েছে।’

আর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পিরু শেখের ফোন বন্ধ পাওয়া যায়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা লস্কর জায়াদুল হক বলেন, নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে কোনো সংঘর্ষ বাধেনি। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বকুল শেখ ও আনছার জমাদ্দারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে আজ শুক্রবার সকালে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে শহীদ আ​লী শেখ নামের একজন মারা গেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত আটটা পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ খুলনা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।