দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদর উপজেলার সদ্দপুষ্করিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এক ম্যাজিস্ট্রেট, দুজন সহকারী পুলিশ সুপারসহ ২৫ জন আহত হয়েছেন।
ইউনিয়নের পালিচড়া খান বাহাদুর চৌধুরী একরামিয়া মাদ্রাসা কেন্দ্রে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সদ্দপুষ্করিনী ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়। কিন্তু ভোট গণনার সময় কেন্দ্রের বাইরে রাত আটটার দিকে চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ও মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। রাত সাড়ে আটটার দিকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় পুলিশ রাবার বুলেট ছোড়ে। পরে উভয় পক্ষের সংঘর্ষে লোকমান হোসেন (৫০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। লোকমান কোন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক, তা জানা যায়নি।
এদিকে ক্ষুব্ধ জনগণ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও ফাঁকা রাবার বুলেট ছোড়ে। এ সময় ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (এএসপি) রইস উদ্দিন ও নাসের রিকাবদার এবং দুই চেয়ারম্যানের ২৫ জন সমর্থক আহত হন।
পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক গতকাল রােত জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর কয়েক শ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্র দখল করতে যান। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে একজন মারা যান। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।