দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে রানা (২৭) নামের যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমির গাছ কাটতে গেলে এ ঘটনা ঘটে।
রানা উপজেলার চণ্ডীদাসগাতি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোতালেব হোসেনের দুই ছেলে আলমগীর হোসেন ও রাজু মিয়া এবং সারটিয়া গ্রামের রেজাউল ইসলাম ও চণ্ডীদাসগাতির আলাউদ্দিনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বিরোধপূর্ণ জমি নিয়ে চণ্ডীদাসগাতি গ্রামের মোতালেব হোসেন ও একই গ্রামের হাবিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও রয়েছে। গতকাল দুপুরে রানা লোকজন নিয়ে ওই জমির গাছ কাটতে যান। এ সময় মোতালেব হোসেনের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রানা ও তাঁর ছোট ভাই রনি আহত হন। রানাকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।