বগুড়ার দুপচাঁচিয়ায় এসএসসি ব্যবহারিক পরীক্ষায় কেন্দ্রের উন্নয়নের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গত সোমবার এ টাকা নেওয়া হয় বলে জানা গেছে।
কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষার পরপরই মুঠোফোনে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ করে।
জানা যায়, সোমবার থেকে সারা দেশের মতো দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রেও ব্যবহারিক পরীক্ষা শুরু হয়। এখানে বিজ্ঞানে ২৩৫ এবং মানবিক বিভাগে ৩৬৪ জন পরীক্ষা দিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ১০ থেকে ১২ জন পরীক্ষার্থী জানায়, গতকাল বিজ্ঞান ও মানবিক বিভাগের সব ব্যবহারিক পরীক্ষাই হয়েছে। তবে শিক্ষার্থীদের ভাগ ভাগ করে এ পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। গতকাল প্রথম গ্রুপের বিজ্ঞান ও মানবিক বিভাগের পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকলে শিক্ষকেরা প্রত্যেককে ১০০ করে টাকা দিতে বলেন। না দিলে পরীক্ষায় নম্বর কম দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে পরীক্ষার্থীরা অভিযোগ করে।
কেন্দ্রের বাইরে অবস্থান করা কয়েকজন অভিভাবক বলেন, ছেলেমেয়েকে নাশতা করতে ১০-২০ টাকা হাতে দিয়ে দিয়েছিলেন। শিক্ষকেরা টাকা দাবি করায় ওরা আবার বের হয়ে এসে ১০০ টাকা করে নিয়ে গেছে। তাঁরা আরও বলেন, ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবেই ওই মুহূর্তে টাকাটা দেন তাঁরা।
টাকা নেওয়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষক বলেন, ‘কেন্দ্রসচিব কেন্দ্রের উন্নয়নের জন্য টাকা নিয়ে থাকলে সেটা তাঁরই দায়িত্ব।’
প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব আবুল বাশার মুঠোফোনে টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘ইউএনও স্যার এ বিষয়ে আমাকে বলেছেন। তবে আমার কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না।’
ইউএনও সাইফুর রহমান খান বলেন, ‘মুঠোফোনে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে কেন্দ্রসচিবকে বলেছি। তা ছাড়া বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।’