দুপচাঁচিয়ায় কাপড়ের দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজারের একটি কাপড়ের দোকানে গত রোববার রাতে চুরি হয়েছে। দোকানের মালিক তপন কুমার দেব সাত লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন।

দোকান মালিক তপন কুমার জানান, তিনি কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) এবং সমিতি থেকে ঋণ নিয়ে আলতাফনগর বাজারে বাপ্পি টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোর নামের দোকান দিয়ে ব্যবসা করছেন। প্রতিদিন বেচাকেনা শেষে রাতে দোকান বন্ধ করে এক কিলোমিটার দূরে কইল গ্রামের বাড়ি ফেরেন। গতকাল সোমবার সকালে দোকান খুলতে এসে দেখেন তাঁর দোকানের শার্টারের তালা কাটা। পরে দোকান খুলে দেখেন তাঁর দোকানের সেলাই মেশিনসহ সমস্ত মালামাল চুরি হয়ে গেছে।

আলতাফনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, ‘তিনজন নৈশপ্রহরী পাহারায় থাকার পরও কীভাবে চুরির ঘটনা ঘটল তা জানার জন্য আমরা খোঁজখবর নিচ্ছি।’

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।