দুপচাঁচিয়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত
বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগের নেতাকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা ছুরিকাঘাতে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সিও অফিস বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্বেচ্ছাসেবক লীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করেছে।
আহত নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আসলাম (২৪)। তাঁর বাড়ি উপজেলার আলোহালী গ্রামে। আসলামের মা সুফিয়া বিবি গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই দুই নেতাসহ পাঁচজনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসলাম উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান (২৬) ও সহসভাপতি আবদুস সালাম (২৭) তাঁকে কাঁচাবাজার এলাকায় ডেকে নিয়ে যান। এরপর ধারালো ছুরি দিয়ে আঘাত করে জখম করেন। আসলামের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মেহেদী ও সালাম পালিয়ে যান। গুরুতর আহত আসলামকে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।