দুপচাঁচিয়ায় টাকা নিয়ে এনজিও কর্মকর্তা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) শাখা ব্যবস্থাপক ৭ লাখ ১৪ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ জুলাই থেকে তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল গাফ্ফার ৬ জুলাই দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এনজিও সূত্রে জানা যায়, দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর বাজারে তিন বছর আগে শাখা চালু শুরু করে গাক। এ পর্যন্ত ওই শাখার সদস্য সংখ্যা ১ হাজার ৪৬ জন। গাক সদস্যদের সঞ্চয় হিসাব খুলে টাকা লেনদেন করে এবং সদস্যদের মধ্যে ঋণ দেয়। শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ ৪ জুলাই অফিস করে সদস্যদের কিস্তির টাকা, কর্মচারী-কর্মকর্তাদের মাসিক বেতন ও ভুয়া সদস্যের নামে ৭ লাখ ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।
আবদুল গাফ্ফার বলেন, আদমদীঘি কিশোরতলা গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ দেড় বছর ধরে চাকরি করছেন। গত বৃহস্পতিবার সদস্যদের ঋণের টাকা এবং কর্মচারীদের বেতন-বোনাসের টাকা ব্যাংক থেকে তুলে অফিসে রাখেন। শনিবার অফিস করার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, গাক এনজিও থেকে থানায় একটি জিডি করা হয়েছে। মামুনুর রশিদের মুঠোফোনটি বন্ধ থাকায় কললিস্ট চেক করে তিনি বগুড়া জেলার মধ্যে আছেন বলে পুলিশ ধারণা করছে।