দুপচাঁচিয়ার নিখোঁজ ছয় তরুণের পরিবার উৎকণ্ঠায়
সাগরপথে মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে নিখোঁজ হওয়া বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোলগ্রামের সেই ছয় পরিবারের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়। পাচারের সঙ্গে জড়িত দুই নারীকে গ্রেপ্তার করা হলেও এখনো খোঁজ মেলেনি নিখোঁজ হওয়া ছয় যুবকের। প্রতিবেশী দালালদের প্রলোভনে পড়ে শুধু পরনের কাপড় আর কিছু টাকা সম্বল করে প্রায় সোয়া দুই মাস আগে বাড়ি থেকে বের হন তাঁরা।
নিখোঁজ হওয়া ছয় তরুণ হলেন বেলাল হোসেন (২৫), রবিউল ইসলাম (২০), মঞ্জুর হোসেন (২৫), মিজানুর রহমান (৩০), শাহজাহান (৩৫) ও নজরুল ইসলাম (৩৫)।
কোলগ্রামে গতকাল সোমবার সকালে গিয়ে কথা হয় ওই সব পরিবারের সঙ্গে। সরেজমিনে দেখা যায়, নিখোঁজ শাহজাহান আলীর মা আবেদা বেওয়া (৭৫) ছেলের শোকে শয্যাশায়ী। মাটির ঘরের বারান্দায় শুইয়ে তাঁর মাথায় পানি দিচ্ছিলেন শাহজাহানের বোন রওশন। দাদিকে সান্ত্বনা দিচ্ছে শাহজাহানের শিশু ছেলে ইউসুফ (১০)।
বাড়ির আঙিনায় ছিলেন শাহজাহানের স্ত্রী নুরুন্নাহার (২৫)। তিনি বলেন, ‘হামার স্বামী কৃষিকাজ কর্যাঁ খায়। আর বছরের চার মাস ঝুড়ি মিঠাই বিক্রি কর্যাা সংসার ভালোই চলিছিল। গ্রামের আবু বক্কর সারাক্ষণ ওর সাথে ল্যাগা থাকে। একদিন ছলের বাপ কলো এত কষ্ট কর্যাঙ পারমো না। বিদেশ যাম। হের কয়েক দিনের মাথায় মার্চের ৬ তারিখ বিকালে বক্করের লগে ছয়জন চল্যা যায়।’
আরেক নিখোঁজ তরুণ মিজানুর রহমান। তাঁর স্ত্রী মর্জিনা বেগম। সাংবাদিক পরিচয় পেয়ে শঙ্কা নিয়ে প্রশ্ন করেন, ‘হামার স্বামী তো বাড়িত ফিরবার পারবে? হামি বারবার তাক কছি, হামাকেরে যেক্কা জমি আছে, সেডা চাষবাস কর্যা্ খালেই চলিবে। ওই লোক কথা না শুনা মেলা টেকার আশায় বক্করের লগে গোপনে কথা কইয়া চল্যা গেছে। হামার স্বামীক ফেরত আনার জন্যি বাপের বাড়িত থ্যাকা টাকা অ্যানা বক্করোক দুই লাখ টাকা দিছি। এর পর থ্যাকা বক্কর বাড়িত ন্যাই।’
খোঁজ নিয়ে জানা যায়, কোলগ্রামের আবু বক্করের ছেলে রবিউল ইসলাম (২৬) ও তোফাজ্জল হোসেনের ছেলে রনি (২৮) এক বছর আগে গ্রামের আরেক দালাল মালয়েশিয়ায় চাকরিরত জাহিদুল ইসলামের মাধ্যমে মালয়েশিয়া যান। রবিউলের বাবা আবু বক্কর ও মা হোসনে আরা ও রনির মা মিনা বেগম তাঁদের ছেলেরা মালয়েশিয়ায় আরও লোক নিতে পারবে বলে গোপনে গ্রামের ওই ছয় যুবকের পরিবারকে ফুসলান। রবিউলের বাবা আবু বক্কর মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে স্থানীয় ১৫ জনের কাছ থেকে টাকা নেন।
এর মধ্যে কোলগ্রামের ছয়জন ও অন্য এলাকার চারজনকে ৬ মার্চ ঢাকা নিয়ে যান। এর মাস খানেক পর ওই ছয় যুবক নিজ নিজ পরিবারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তাঁরা জানান, কক্সবাজার থেকে সাগরপথে ট্রলারে তাঁদের মালয়েশিয়া নেওয়া হচ্ছে। খুব কষ্টে আছেন। আবু বক্করকে দুই লাখ করে টাকা দিতে বলেন তাঁরা। তা না হলে তাঁরা মারা পড়বেন বলে মুঠোফোনে কান্নাকাটি করেন। তাঁদের কথা শুনে পরিবারের লোকজন ধারদেনা করে, জমি বন্ধক রেখে আবু বক্করকে মাথাপিছু দুই লাখ করে ১২ লাখ টাকা দেন। এরই মধ্যে আবু বক্কর তাঁর মাটির ঘর ভেঙে পাকা দোতলা বাড়ির কাজ শুরু করেছেন। কিন্তু আজও খোঁজ নেই গ্রামের ওই ছয় যুবকের।
নিখোঁজ ছয় যুবকের অন্যতম বেল্লাল হোসেনের বাবা আবদুস সামাদ ১৭ মে দুপচাঁচিয়া থানায় আবু বক্কর, তাঁর স্ত্রী হোসনে আরা এবং তোফাজ্জলের স্ত্রীর মিনা বেগমসহ প্রবাসী রবিউল ও রনিকে আসামি করে মামলা করেন। পুলিশ ওই দিনই হোসেন আরা ও মিনা বেগমকে গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সংশ্লিষ্ট চামরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। সেই সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’
দুপচাঁচিয়া থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, মানব পাচারের দায়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি আবু বক্কর পলাতক। বাকি দুজন বিদেশে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে থাকা) রেজাউল করিম বলেন, নিখোঁজ তরুণদের সন্ধানের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হবে।