দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও তিন সহযোগী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল গনি ও তাঁর তিন সহযোগী দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টির একটি মামলার আসামি তাঁরা। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বেলা ১১টার দিকে তাঁরা বগুড়া জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জেলা জজ আ ন মো. সাঈদ জামিন নামঞ্জুর করে চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবদুল গনি ছাড়া অন্য তিনজন হলেন তাঁর সহযোগী ও একই উপজেলার জামায়াতের কর্মী মাওলানা ওমর আলী, রফিকুল ইসলাম ও মো. শহীদুল্লাহ।
বগুড়া জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান উপজেলা চেয়ারম্যান আবদুল গনিসহ চারজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৩ সালের ৩ মার্চ সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়া জেলাজুড়ে ব্যাপক সহিংসতা চালায় জামায়াত-শিবির। ওই সহিংসতার ঘটনায় দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের তৎকালীন আমির আবদুল গনির নেতৃত্বে থানায় হামলা, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের বাসায় হামলা-ভাঙচুর চালানো হয়। এসব হামলার ঘটনায় একাধিক মামলায় আবদুল গনিকে প্রধান আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের
করা হয়।
হেলালুর রহমান আরও বলেন, সহিংসতার এসব মামলা তদন্তাধীন থাকাবস্থায় গত বছর উপজেলা পরিষদ নির্বাচনে আবদুল গনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এরপর পলাতক থাকাবস্থায় দুপচাঁচিয়া থানার পুলিশ অন্তত চারটি নাশকতার মামলায় আবদুল গনির সম্পৃক্ততা পেয়ে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।