বগুড়ার দুপচাঁচিয়া ও জয়পুরহাটের আক্কেলপুরে ব্যাপক হারে সেচপাম্পের মিটার চুরির অভিযোগ পাওয়া গেছে। বোরো চাষের এ মৌসুমে এভাবে সেচপাম্পের মিটার চুরি হওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি চাষাবাদ নিয়ে শঙ্কায় আছেন স্থানীয় কৃষকেরা।
এসব মিটার চুরির সঙ্গে জড়িত চক্রটি মুঠোফোনের বিকাশ নম্বরের মাধ্যমে টাকা নিয়ে আবার চুরি করা মিটারগুলো ফেরত দিয়ে যাচ্ছে। বিষয়টি জনপ্রতিনিধি ও পুলিশকে জানিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাদেকুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগে আমার সেচপাম্প এবং চালকলের মিটার চুরি হয়। পরে দুটির জন্য আট হাজার টাকা বিকাশ নম্বরে পাঠাই। পরে গুনাহার ও গোবিন্দপুরের মাঝামাঝি আমসত্ত্ব গ্রামের একটি মাঠে মিটার দুটি রেখে যায় চোরেরা।’
সাদেকুল ইসলাম আরও বলেন, ‘আমার আশপাশের গ্রাম থেকে এ পর্যন্ত ২৫ থেকে ৩০টি মিটার চুরি হয়েছে।’
পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া কার্যালয়ের এলাকা পরিচালক আকরাম হোসেন মিটার চুরি করার ঘটনা স্বীকার করে বলেন, বোরো চাষাবাদের এ মৌসুমে প্রতিবছরই ওই এলাকায় মিটার চুরির হিড়িক পড়ে। এসব পুলিশকে বলে কোনো লাভ হয় না।
তবে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, ‘মিটার চুরির ঘটনা শুনে ওই সব বিকাশ নম্বরে যোগাযোগ করে সেগুলো বন্ধ পাওয়া যায়। তা ছাড়া, এখন হরতাল-অবরোধের ডিউটি নিয়েই পুলিশ ব্যস্ত। তাই ওই এলাকার চৌকিদারদের সতর্ক থাকতে বলা হয়েছে।’
পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের কয়েকজন লাইনম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রায় রাতেই ওই এলাকায় সেচপাম্পের মিটার চুরি হয়। পাম্পমালিকেরা টাকা দিয়ে ওই মিটার ফেরত আনার পর আমরা গিয়ে লাগিয়ে দিই।’
গত শুক্র ও শনিবার সরেজমিন জানা যায়, ১৫ থেকে ২০ দিন আগে কৃষকেরা ইরি-বোরো ধান লাগানো শুরু করেছেন। মৌসুমের এ ভরা সময়ে দিন-রাত সেচ চালু রাখেন পাম্পমালিকেরা। দুপচাঁচিয়ার জিয়ানগর, গুনাহার ইউনিয়ন ও আক্কেলপুরের গোপীনাথপুর, রায়কালি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ রকম দেড় শতাধিক সেচপাম্প রয়েছে।
বেশ কয়েকটি সেচপাম্পের মালিক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, মৌসুমের শুরু থেকে প্রায় ৭০ থেকে ৮০টি পাম্পের মিটার চুরি হয়েছে। রাতের কোনো এক সময় এগুলো চুরি হয়। অনেক সময় অপরিচিত কোনো নম্বর থেকে মিটার নিতে চাইলে বিকাশের মাধ্যমে ছয় থেকে সাত হাজার টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে মালিককে জানানো হয়।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) লুৎফুল বারী বলেন, ‘সেচপাম্পের জন্য মিটার খরচ ২১ থেকে ২২ হাজার টাকা লাগে। মৌসুম শুরু থেকে কয়েকটি ট্রান্সফরমারসহ ৮০টির মতো মিটার চুরির ঘটনা ঘটেছে। এভাবে মিটার চুরি হলে সেচের অভাবে ওই এলাকার খেত নষ্ট হবে।’
জিয়ানগরের ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বলেন, ‘সেচপাম্পের মিটার চুরি হচ্ছে বলে শুনেছি। তবে টাকা দিয়ে মিটার উদ্ধারের কথা আমার জানা নেই।’
আক্কেলপুরের গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ জোয়ার্দার মুঠোফোনে বলেন, দুপচাঁচিয়া এলাকায় এ ঘটনা বেশি ঘটছে।
বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় মুঠোফোনে বলেন, ‘এ ধরনের অভিযোগ এই প্রথম শুনলাম। বিষয়টি তদারকির জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে বলা হবে।’