দুপচাঁচিয়া ও রায়গঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা গতকাল বুধবার উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার অভিযান চালিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার তালোড়া রেলস্টেশনের প্ল্যাটফর্মের পূর্ব পাশ থেকে রেলঘুমটি পর্যন্ত প্রায় ২০০ মিটারজুড়ে ৭০-৮০টি দোকানপাটসহ বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে ওঠে। এর ৩০টি দোকান রেল বিভাগ থেকে কোনো অনুমতি ছাড়াই গড়ে তোলা হয়েছে। রেল বিভাগ এসব স্থাপনা অবৈধ হিসেবে তালিকা করে তাঁদের নোটিশ দেয়।
গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান খানের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় রেল বিভাগের শ্রমিকেরা লোহার রড, শাবল, কুড়াল দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে চা-দোকানি খাজামুদ্দিন বলেন, ‘আমার কাছে রেল কর্তৃপক্ষের ইজারা নেওয়ার কাগজপত্র আছে। এসব কাগজপত্র দেখানোর পর তাঁরা আমার কোনো কথা না শুনেই দোকানটা ভেঙে দিল। দোকানের আয় দিয়ে সংসার চালাতাম।’
সাইফুর রহমান খান প্রথম আলোকে জানান, তালিকা মোতাবেক ওই ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
এদিকে গত মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা, পঙ্কজ চন্দ্র দেবনাথ ও সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় রায়গঞ্জের সলঙ্গা হাটের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় হায়দার আলী ও শরিফুল ইসলামের চারটি দোকানঘর এবং মতিয়ার রহমান, তোতা মিয়া ও বুদ্ধু মিয়ার একটি করে বসতবাড়ি উচ্ছেদ করা হয়। এতে সরকারের প্রায় এক কোটি টাকা মূল্যের জমি উদ্ধার হয়েছে।
ঘুড়কা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাধন কুমার বসাক জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দখলদার সরকারি জমিতে দোকানঘর ও বসতবাড়ি তৈরি করে ভোগদখল করছিলেন।
সলঙ্গা হাটের ভরমোহিনী মৌজার ৭ দশমিক ৮২ শতক জমি উদ্ধারে ওই সব দখলদারের বিরুদ্ধে মামলাও করা হয়। মামলার রায়ের পরও তাঁদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
রায়গঞ্জের ইউএনও ফিরোজ শাহ্ প্রথম আলোকে জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।