দুপচাঁচিয়ায় অপহৃত পরীক্ষার্থী উদ্ধার, দম্পতি গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ায় অপহরণের প্রায় ১০ ঘণ্টা পর এক এসএসসি পরীক্ষার্থীকে আটগ্রাম পোড়াপাড়া থেকে গতকাল বুধবার ভোরে গ্রামবাসী উদ্ধার করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করে পুলিশে দেন গ্রামবাসী। এ ছাড়া ওই দম্পতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
উদ্ধার করা এসএসসি পরীক্ষার্থীর নাম অপূর্ব বর্মণ (১৬)। সে উপজেলার আটগ্রাম খিয়ারপাড়ার অভয় বর্মণের ছেলে। সে এবার আটগ্রাম কালীতলা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
অপহরণকারী সন্দেহে গ্রেপ্তার দুজন হলেন আছির উদ্দিন (৬২) ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৫৩)।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, অপূর্ব গত মঙ্গলবার রাত আটটার দিকে স্থানীয় কালকাতলা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিজের বাড়িতে যাচ্ছিল। পথে তার হাত, চোখমুখ কাপড় দিয়ে বেঁধে তাকে অপহরণ করা হয়। গতকাল ভোরে অপূর্বকে আটগ্রাম পোড়াপাড়ায় আছির উদ্দিনের বাড়িতে জিম্মি করে রাখা হয়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী আছিরের বাড়ি ঘেরাও করে তাঁকে ও তাঁর স্ত্রীকে আটক করেন। এ ছাড়া একটি ঘরের মধ্যে হাত-পা ও চোখমুখ বাঁধা অবস্থায় অপূর্বকে উদ্ধার করা হয়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী আছিরের বাড়িতে অগ্নিসংযোগ করেন। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভায় পুলিশ।
জানতে চাইলে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অপূর্বকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় অপূর্বর বাবা অভয় বর্মণ বাদী হয়ে মামলা করেছেন। ওই দম্পতিকে থানা হেফাজতে রাখা হয়েছে। অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ কর্মকর্তা।