দুপচাঁচিয়ায় গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ায় এক গৃহবধূকে হত্যার দায়ে গত রোববার সন্ধ্যায় স্বামী ওমর ফারুককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূ মর্জিনা আক্তার (২৬) দুপচাঁচিয়া পৌর এলাকার সঞ্জয়পুর মহল্লার মনতাজ সাখিদারের মেয়ে। গ্রেপ্তার হওয়া ওমর ফারুক পৌর এলাকার ধাপসুখানগাড়ির জামাল প্রামাণিকের ছেলে।
থানার অভিযোগ সূত্র ও স্থানীয় লোকজন জানান, মর্জিনার সঙ্গে ফারুকের সাত-আট বছর আগে বিয়ে হয়। এরপর থেকে ফারুক শ্বশুরের গ্রামেই আলাদা বাড়িতে থেকে শ্বশুরের চানাচুর কারখানায় কাজ করতেন। গত শনিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের ধরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেন ফারুক। সকালে অন্যদিনের মতোই কারখানায় কাজ করতে যান তিনি। মর্জিনা সকালে ঘুম থেকে না ওঠায় তাঁর মা-বাবা মেয়েকে ডাকতে এ বাড়িতে আসেন। এ সময় চৌকির ওপর লেপমুড়ি দেওয়া অবস্থায় মর্জিনার লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। ঘটনাটি ওমর ফারুককে জানানো হলে তিনি কিছু না জানার ভান করেন। পরে ওই ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস আলী থানায় খবর দিলে পুলিশ মর্জিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের সন্দেহ হলে সন্ধ্যায় ফারুককে আটক করা হয়।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ফারুক পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। রাতেই নিহত মর্জিনার বাবা ফারুককে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য ফারুককে আদালতে পাঠানো হয়।