দুপচাঁচিয়ায় টিআর-কাবিখার ভুয়া ভাউচার তৈরির ধুম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এক টন চালের দাম ১৬ হাজার টাকা থেকে সাড়ে ১৬ হাজার টাকা। কিন্তু সরকারি হিসাবে এক টন চালের দাম ধরা হয়েছে ৩৫ হাজার ৪৮১ টাকা। ফলে এক টন চালের জন্য প্রকল্পের সভাপতিকে ১৮ হাজার ৯৮১ টাকার অতিরিক্ত ভুয়া ভাউচার করতে হচ্ছে। উপজেলায় চলতি অর্থবছরে বরাদ্দকৃত চাল ও গমের জন্য অতিরিক্ত ৬৯ লাখ ৫১ হাজার ৮৮২ টাকার ভুয়া ভাউচার করা হচ্ছে। সব প্রকল্পের ভুয়া ভাউচার তৈরি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রকল্পের সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা।
গত রবি ও সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে গিয়ে এমন চিত্রই চোখে পড়ে। উপজেলার জিয়ানগর সোনারপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ টন চাল। সভাপতি চাল বিক্রি করে একটি সোলার প্ল্যান্ট কিনেছেন। বাকি টাকায় মসজিদের উন্নয়নমূলক কাজ করেছেন। ওই প্রকল্পের সভাপতি হাজি সাহেব আলী বলেন, ‘প্রকল্পের কাজ করতে গিয়ে ভুয়া ভাউচার জোগাড় করতে হিমশিম খাচ্ছি। ভুয়া ভাউচার করা লাগবে—এমনটি আগে জানলে প্রকল্পের সভাপতি হতাম না। সাড়ে ৯৪ হাজার টাকার ভুয়া ভাউচার করতে গিয়ে এই বয়সে নিজের আমলই নষ্ট হচ্ছে।’
উপজেলার হেড়ুঞ্জ পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি আমজাদ হোসেন বলেন, ‘মসজিদের জন্য দুই টন চাল বরাদ্দ পেয়েছি। ৩৩ হাজার টাকায় ওই চাল বিক্রি করে একটি সোলার প্ল্যান্ট কিনেছি। আর বাকি টাকায় মসজিদের কাজ করা হয়েছে। জুনের মধ্যে প্রকল্পের কাগজপত্র জমা দেওয়ার কথা শুনে আজ তিন দিন হলো অফিসে ঘুরতে হচ্ছে। ৩৮ হাজার টাকার ভুয়া ভাউচার বানিয়ে জমা দিলাম।’
পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় ২০১৪-১৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় তিন কিস্তিতে ৩২২ মেট্রিক টন চাল ও ৫৬ মেট্রিক টন গম বরাদ্দ হয়েছে। এ ছাড়া নগদ ৫৩ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। এসব বরাদ্দের অর্থে ১৪০টি প্রকল্পের কাজ করা হচ্ছে। সরকারি প্রজ্ঞাপন মোতাবেক এক টন চালের জন্য ৩৫ হাজার ৪৮১ টাকা ও এক টন গমের জন্য ৩০ হাজার ৪০৭ টাকার ভাউচার জমা করতে হবে।
পিআইও কামরুল হাসান বলেন, গত কয়েক বছর একই ধরনের সমস্যা। বাস্তবতার সঙ্গে কাগজপত্রের মিল নেই। সরকারি নির্দেশনা মেনেই ভুয়া ভাউচার করতে হচ্ছে। প্রকল্পের কাজ তদারকি করতে বাজারে যে দামে চাল বা গম বিক্রি করা হয়, সেই মূল্যের কাজই বুঝে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজ বলেন, ‘আমি ইউএনও হিসেবে নতুন। বিষয়টি আমার জানা নেই। যেহেতু বিষয়টি জাতীয় সমস্যা, সবাইকে মেনেই কাজ করতে হবে। তারপরও সুযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করার চেষ্টা করব।’