দুপচাঁচিয়ায় ডাকাতি, ২২ ভরি সোনার গয়না লুট
বগুড়ার দুপচাঁচিয়ার চৌমহনী বাজারে গত মঙ্গলবার গভীর রাতে একটি স্বর্ণের দোকান ও দোকানের মালিকের বাড়িতে ডাকাতি হয়েছে। ৪২ হাজার টাকাসহ ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতেরা।
এ সময় টহলরত পুলিশ এগিয়ে এলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরে পুলিশ পাল্টা পাঁচটি গুলি ছোড়ে।
দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে জানান, পুলিশকে লক্ষ্য করে ডাকাতেরা ককটেল নিক্ষেপ করে। এ কারণে বাধ্য হয়ে পুলিশ তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকানের মালিক মাহফুজার বাদী হয়ে গতকাল সন্ধ্যায় থানায় একটি মামলা করেছেন।
ক্ষতিগ্রস্ত দোকানি মাহফুজার রহমান ও এলাকার কয়েকজন জানান, চৌমহনী বাজারে মাহফুজার রহমানের এম আর জুয়েলার্স নামে একটি স্বর্ণালংকারের দোকান রয়েছে। দোকানের পাশেই তাঁর বাড়ি। মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বাড়ির পেছনের দরজা ভেঙে ১২-১৩ জন ডাকাত বাড়িতে ঢোকে। এরপর তারা বাড়ির বারান্দার গ্রিল ভেঙে এবং ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে প্রথমে মাহফুজারের বাবা আজিজুর রহমান, মা বিলকিছ বানু, ছোট ভাই তরিকুল ইসলাম ও কর্মচারী লিটনকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। তাঁরা ঘরে থাকা সিন্দুক ও কয়েকটি আলমারি ভাঙচুর করে তা থেকে নগদ ৪২ হাজার টাকা, ২২ ভরি স্বর্ণালংকার, ২০ ভরি রৌপ্য লুট করে নিয়ে যায়। ডাকাতেরা বাড়ি থেকে বের হয়ে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা পালিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে।