দুপচাঁচিয়ায় দেড় মাসে আট মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়ায় গত দেড় মাসে বিভিন্নভাবে আটটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ এসব মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করলেও আজ পর্যন্ত কোনো মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি। শনাক্ত করতে পারেনি চুরির সঙ্গে জড়িত চক্রটিকেও।
সর্বশেষ বগুড়ার দুপচাঁচিয়ার কইল গ্রামের সুজন কুমার সেনের বাড়ির বারান্দা থেকে গত রোববার রাতে তাঁর মোটরসাইকেলটি চুরি হয়। বারান্দার গ্রিল কেটে চোরেরা সেটি নিয়ে যায়। সুজন স্থানীয় একটি বেসরকারি সংস্থার (এনজিও) ব্যবস্থাপক।
সুজন বলেন, ঘটনার রাতে বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি তাঁর ঘরের বারান্দায় (গ্রিল দিয়ে ঘেরা) তালাবদ্ধ করে রাখা ছিল। মাত্র ছয় মাস আগে প্রায় দেড় লাখ টাকা দিয়ে তিনি মোটরসাইকেলটি কেনেন। নম্বরের জন্য টাকাও জমা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে ১ আগস্ট সন্ধ্যায় উপজেলা প্রশাসন চত্বরের বৃক্ষমেলা থেকে ইয়াকুব আলী নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়েছে। তিনি উপজেলার ধাপসুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। ২৬ জুলাই সন্ধ্যায় উপজেলা সদরের জেকে কলেজ রাস্তা থেকে চুরি যায় রফিকুল ইসলামের মোটরসাইকেল। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) দুপচাঁচিয়া কার্যালয়ের সহকারী লাইনম্যান। ১৯ জুলাই উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে জমি দলিল করতে এসে মোটরসাইকেল খোয়ান জিল্লুর রহমান। তিনি উপজেলার গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের বাসিন্দা। এ ছাড়া ২৫ থেকে ২৯ জুনের মধ্যে চুরি যায় আরও চারটি মোটরসাইকেল।
নাম প্রকাশে অনিচ্ছুক মোটরসাইকেল চুরি যাওয়া দু-তিনজন বলেন, মোটরসাইকেল চুরির চক্রে স্থানীয় কিছু লোক এবং মোটরসাইকেল মেরামতকারীরাও জড়িত আছে। পুলিশ মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করলেও আসল চক্রকে এখনো ধরতে পারেনি। পুলিশের এ ব্যর্থতায় অনেকে বাড়তি ভোগান্তির শঙ্কায় থানায় অভিযোগও করেন না।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মোটরসাইকেল চোর চক্রকে ধরতে সোর্স লাগানো হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।