দুপচাঁচিয়ায় বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পরীক্ষা চলার সময় সোহেল হোসেন (২৪) নামের এক তরুণ বিদ্যালয়ে ঢুকে এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন। উপজেলার মাটিহাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সহকারী শিক্ষক আনসার আলীকে (৪৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক আনসার আলী গতকাল বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিক সিরাজগঞ্জের শাহজাদপুরে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
দুপচাঁচিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে প্রথম সাময়িক পরীক্ষার গণিত পরীক্ষা ছিল। শিক্ষক আনসার আলী তৃতীয় শ্রেণির কক্ষে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছিলেন। মাটিহাস গ্রামের সোহেল পরীক্ষার কক্ষে ঢুকে শিক্ষার্থীদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষক আনসার আলী বাধা দিয়ে তাঁকে কক্ষ থেকে বের করে দেন। এতে সোহেল ক্ষিপ্ত হয়ে আনসার আলীকে কিলঘুষি এবং পরে ক্রিকেট স্টাম্প দিয়ে মাথায় ও ডান হাতে আঘাত করেন। অন্য শিক্ষকেরা এগিয়ে এলে সোহেল পালিয়ে যান। পরে আনসার আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিক্ষক আনসার আলীর খোঁজখবর নেন। শিক্ষককে লাঞ্ছিত করার কথা স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ। এ ব্যাপারে জানতে সোহেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে শাহজাদপুরের ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসানকে উপজেলা শিক্ষা কার্যালয়ের অফিস সহকারীর হাতে মারধরের প্রতিবাদে গতকাল সকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির শাস্তির দাবি জানিয়ে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ময়নুল ইসলাম বলেন, গত বুধবার রশিদুল তাঁর ছুটিজনিত বৈধ কাজ নিয়ে উপজেলা শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী আবদুর রশিদের কাছে গেলে তিনি উৎকোচ চান। প্রধান শিক্ষক এর প্রতিবাদ করায় রশিদ তাঁকে মারধর করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।