দুপচাঁচিয়ায় বিদ্যুতের তার চুরির হিড়িক
বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ি ও চালকলের বিদ্যুৎ-সংযোগের তার (সার্ভিস লাইন) চুরির হিড়িক পড়েছে। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার সরদারপাড়া মহল্লায় চারটি বাড়ির সংযোগ তার চুরি হয়েছে। এ ছাড়া গত এক সপ্তাহ আগে তিনটি চালকলের সংযোগ তার চুরি হয়।
সরদারপাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, তাঁর বাসার দুটি ও একই মহল্লার নজরুল ইসলাম, আবু হানিফ ও সাগর হোসেনের বাড়ির তিনটি সংযোগ তার চুরি করেছে চোরেরা। রাত দুইটার দিকে তাঁর বাড়ির লাইন বন্ধ হয়ে গেলে তিনি ভেবেছেন বিদ্যুৎ নেই। সকালে খোঁজ নিয়ে দেখেন তাঁর সংযোগ তার চুরি হয়ে গেছে। তিনি আরও বলেন, একেকটি সংযোগ তারে পাঁচ হাজার টাকার মতো খরচ পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, এক সপ্তাহ আগে উপজেলা সদরের তিশিগাড়ী মোড়ে মেসার্স খাজা চালকল, ইয়াকুব চালকল ও মজুমদার চালকলের সংযোগ তার চুরি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যুৎ সরবরাহকেন্দ্র দুপচাঁচিয়া এলাকার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, এলাকায় বিদ্যুৎ-সংযোগের তার চুরি হচ্ছে। কিন্তু গ্রাহকেরা মৌখিকভাবে জানিয়ে অফিসের লাইনম্যানের মাধ্যমে সংযোগ নিচ্ছেন।