দুপচাঁচিয়ায় বিষ দিয়ে ধান নষ্টের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্রতিপক্ষের লোকজন আবদুল মালেক আকন্দ নামের এক কৃষকের ধানখেতে বিষ দিয়ে ফসল নষ্ট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের মালেক গত বুধবার জমিতে গিয়ে বিষ প্রয়োগের বিষয়টি টের পান। পরে এ ঘটনার বিচার চেয়ে তিনি গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আবদুল মালেক পৈতৃক সূত্রে পাওয়া এক বিঘা জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আছেন। প্রায় দুই বছর আগে একই ইউনিয়নের রবিউলসহ দুই ব্যক্তি জমিটি তাঁদের বলে দাবি করেন। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিসও হয়। পূর্বশত্রুতার জের ধরে কয়েক দিন আগে ওই দুই ব্যক্তি জমির ফসল নষ্ট করতে খেতে বিষ ছিটিয়ে দেন। ফলে আস্তে আস্তে ওই খেতের ধানের ফসল হলুদ হয়ে মরে গেছে।
এ বিষয়ে মুঠোফোনে রবিউলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করেন, জমি নিয়ে মালেকের সঙ্গে তাঁদের বিরোধ হয়েছে। এ কারণে মালেক তাঁদের হেনস্তা করতে নিজেই জমিতে বিষ দিয়েছেন।
ইউএনও সাইফুর রহমান খান জানান, দুই দিন ধরে কর্মস্থলে না থাকায় তিনি অভিযোগের বিষয়ে কিছুই জানেন না। তবে কার্যালয়ে গিয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।