দুপচাঁচিয়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ !
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত সোমবার পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে গ্রামবাসী গত বৃহস্পতিবার ইউএনও শাহেদ পারভেজের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটির পর গত সোমবার ওই শিক্ষক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। পড়া শেষে সব শিক্ষার্থীকে ছুটি দিয়ে এক শিক্ষার্থীকে গোপনে কিছু বলার কথা বলে তিনি রেখে দেন। একপর্যায়ে শিক্ষক শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ করে দেন। এ সময় ওই শিক্ষক জোর করে ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন। সন্ধ্যায় ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে ওই শিক্ষার্থীর বাবা গ্রামের কয়েকজনকে বিষয়টি জানান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিষয়টির দায়িত্ব নিয়ে গত মঙ্গলবার বিদ্যালয় চলার সময় অফিসকক্ষে শিক্ষার্থীর বাবাকে নিয়ে ওই শিক্ষকের সঙ্গে গোপনে বৈঠক করেন। বৈঠকে শিক্ষক অর্থদণ্ড দিয়ে বিষয়টি মীমাংসা করেন। কিন্তু গ্রামবাসী তা মানতে পারেননি। পরে গ্রামের লোকজন ওই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণের দাবি তোলেন। এ ঘটনার পর গত বৃহস্পতিবার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ে গেলেও ওই শিক্ষক বিদ্যালয়ে ছিলেন না।
এদিকে বলাৎকারের শিকার ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘বাবা ওই কথা মুখত আনা যাবে না। হামার ছলের সর্বনাশ করিছে ওই শিক্ষক।’
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুশাইদা নাসরিন বলেন, অসুস্থতার কথা বলে গত বুধবার রাতে মুঠোফোনে ছুটি নিয়েছেন ওই শিক্ষক। তিনি বিষয়টি না জেনে তাঁকে ছুটি দিয়েছেন। তবে গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ওই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পান। পরে ওই শিক্ষককে আজ শনিবার বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য একজন সহকারী শিক্ষককে তাঁর বাড়ি গিয়ে জানাতে বলেন রুশাইদা। এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সভাপতির সঙ্গে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
ইউএনও শাহেদ পারভেজ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’