দুপচাঁচিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১
বগুড়ার দুপচাঁচিয়ায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টায় আফজাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুপচাঁচিয়ার গোবিন্দপুর শাহপাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পুলিশ গতকাল শুক্রবার দুপুরে আফজাল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে পূর্বপরিচিত আফজাল হোসেন শিশুটিকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ওই বাড়িটি ঘেরাও করে আফজালকে আটক করে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির বাবা বৃহস্পতিবার রাতেই বাদী হয়ে আফজাল হোসেনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে।