দুপচাঁচিয়ায় 'অবৈধভাবে' তেল বিক্রির অভিযোগ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ক্ষুদ্র তেলপাম্পে (প্যাক্ট পয়েন্ট) ‘অবৈধভাবে ভেজাল’ তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ১০ জন দোকানি ‘চোরাই’ তেল বিক্রি করছেন।
৬ মার্চ রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (বিপিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তেল বিক্রির দোকানে অভিযান চালান। তাঁরা প্রথমে দুপচাঁচিয়ার মেইল বাসস্ট্যান্ডে অবস্থিত মেসার্স রেজাউল অ্যান্ড ব্রাদার্স ট্রেডার্সে অভিযান চালান। খবর পেয়ে উপজেলার সব কটি ক্ষুদ্র তেলপাম্প বন্ধ হয়ে যায়। পরে আবারও দোকানিরা তেল বিক্রি শুরু করেন।
গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে জানতে চাইলে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শেখ আল মামুন প্রথম আলোকে বলেন, প্যাক্ট পয়েন্টের মাধ্যমে পেট্রোলিয়াম জাতীয় কোনো তেল বিক্রি করা যাবে না। এসব প্যাক্ট পয়েন্টের প্রতিনিধিরা সম্পূর্ণ অবৈধভাবে তেল বিক্রি করছেন। এসব পয়েন্টে ভেজাল তেল (বাংলা তেল) বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে প্যাক্ট পয়েন্টের প্রতিনিধিদের তালিকা নিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আক্কেলপুর রাস্তায় মেসার্স আণিকা এন্টারপ্রাইজ, মেইল বাসস্ট্যান্ডে মেসার্স ভিভা এন্টারপ্রাইজ, মেসার্স রেজাউল অ্যান্ড ব্রাদার্স ট্রেডার্স, মেসার্স ছমির ট্রেডার্স, চৌমুহনী বাজারে মেসার্স জাহিদ ট্রেডার্স, সদরের শহরতলায় মেসার্স ছোলায়মান ট্রেডার্স, তালোড়া রাস্তায় মেসার্স তৃষা এন্টারপ্রাইজ, তালোড়া বাজারে মেসার্স খান ট্রেডার্স, আলতাফনগরে মেসার্স খাজা ট্রেডার্সসহ বেড়াগ্রাম বাজারে নাম ব্যবহার না করে প্যাক্ট পয়েন্টে পেট্রল, ডিজেল ও কেরোসিন বিক্রি করা হয়।
মেসার্স রেজাউল অ্যান্ড ব্রাদার্স ট্রেডার্সের মালিক রেজাউল ইসলাম বলেন, ‘বিস্ফোরক অধিদপ্তর থেকে সনদ (লাইসেন্স) নিয়ে তেল বিক্রি করা যায়। আমি সেই সনদ নিয়েই তেল বিক্রি করছি। এরপর আর কোথা থেকে অনুমতি নেওয়া লাগে, সেটা আমার জানা নেই।’
রাজশাহী বিস্ফোরক পরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তা আশরাফুল কবির বলেন, ‘এ পরিদপ্তর থেকে আমরা শুধু সনদ নবায়ন করি। তেল বিক্রির বিষয়ে আমরা কিছু বলতে পারব না।’
পাবনার শাহজাদপুর বাঘাবাড়ি ঘাটের পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অনুমোদিত ডিলার মেসার্স শেখ ট্রেডার্সের মালিক বাবলু শেখ বলেন, ‘তেল বিক্রি করতে হলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (পদ্মা, মেঘনা ও যমুনা) অনুমতি নিতে হবে। কিন্তু এই প্রতিনিধিরা তা না নিয়ে চোরাই পথে আসা ভেজাল তেল কম দামে কিনে বিক্রি করছেন। এতে সরকারিভাবে তেল বিক্রি কমে গেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজ বলেন, ‘জ্বালানি অধিদপ্তর থেকে আমার উপজেলায় কয়টি প্যাক্ট পয়েন্ট আছে এর তালিকা চাওয়া হয়েছে। এসব পয়েন্টের মাধ্যমে মফস্বলে সেচপাম্পে প্রচুর তেল বিক্রি হয়।’